সি-ভোটারের জরিপ: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে শক্ত লড়াইয়ের মুখে তৃণমূল

পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তোলা
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শক্ত লড়াইয়ের মুখে পড়তে পারে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গত নির্বাচনে শাসক দল তৃণমূল যেভাবে একতরফা জিতেছিল, এবার আর তা হচ্ছে না। এবার ২০টি জেলা পরিষদেই আসন জুটছে বিরোধীদের। সেভাবেই চ্যালেঞ্জ নিয়ে মাঠে রয়েছে বিরোধী বিজেপি, কংগ্রেস ও বাম দল।

পঞ্চায়েত ভোটের আগে গতকাল বৃহস্পতিবার সমীক্ষক সংস্থা সি-ভোটারের এক জরিপে এ চিত্র উঠে এসেছে। রাজ্যের টেলিভিশন চ্যানেল এবিপি আনন্দ এ জরিপ তুলে ধরে।

আগামী ৮ জুলাই এই নির্বাচন রাজ্যের ২০টি জেলায়। ব্যাপক সন্ত্রাসের মধ্যে সর্বশেষ গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে হয়েছিল ১৪ মে, এক দিনে। সেই নির্বাচনে রাজ্যের অধিকাংশ স্থানে দাঁড়াতেই পারেনি বিরোধীরা।

গত ২০১৮ সালের নির্বাচনে ত্রিস্তর পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসন বিনা যুদ্ধে জিতেছিলেন শাসক দলের প্রার্থীরা। বাকি আসনেও বেশির ভাগ দখল করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারও সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চেয়েছিল শাসক দল। কিন্তু বিরোধী বিজেপি, কংগ্রেস ও বাম দলের প্রচণ্ড বাধার মুখে নির্বাচনের আগেই এবার অতটা আসন দখল করতে পারেনি। তবে অন্তত ১০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন তৃণমূলের প্রার্থীরা।

গত নির্বাচনে প্রায় কোনো জেলা পরিষদে আসন পায়নি বিরোধীরা। এবার জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, এবার আর বিরোধীশূন্য থাকছে না কোনো জেলা পরিষদ।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বারুই পুরে নির্বাচনী প্রচারে ব্যস্ত। সম্প্রতি তোলা

এবিপি আনন্দ ও সি-ভোটারের জনমত সমীক্ষায় ১০টি জেলার ভোটের সম্ভাব্য ফলাফলের কথা বলা হয়েছে। এর মধ্যে উত্তরের কোচবিহার জেলায় জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৩-১৯টি, বিজেপি ১৫-১৯ এবং বাম-কংগ্রেস ১টি আসন। দক্ষিণ চব্বিশ পরগনার ৮৫টি আসনের মধ্যে তৃণমূল পাবে ৫৭-৬৭টি, বিজেপি ১৪-২০ এবং বাম-কংগ্রেস-আইএসএফ ৩-৭টি আসন। পুরুলিয়ার ৪৫টি আসনের মধ্যে তৃণমূল ২৩-৩৩, বিজেপি ৫-১১ এবং বাম-কংগ্রেসের ৫-৯টি আসন পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মুর্শিদাবাদ জেলার ৭৮টি আসনের মধ্যে তৃণমূল ৩০-৪০, বিজেপি ২-৬, বাম-কংগ্রেস ৩৩-৪৩টি আসন পেতে পারে।

আইএসএফের নেতা নওশাদ সিদ্দীকি এবার তৃণমূলের দিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সম্প্রতি তোলা

বীরভূমের ৫২টি আসনের মধ্যে তৃণমূল ৩৩-৪৩, বিজেপি ৮-১৪, বাম-কংগ্রেস ৪টি আসনে জিততে পারে। জলপাইগুড়ির ২৪টি আসনের মধ্যে তৃণমূল ১০-১৪, বিজেপি ৯-১৩ ও বাম-কংগ্রেস ২টি আসন পেতে পারে। হুগলি জেলার ৫৩টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩৭-৪৭, বিজেপি ৬-১২ ও বাম-কংগ্রেস পেতে পারে ৩টি আসন।

পশ্চিম বর্ধমানের ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১১-১৫, বিজেপি ২-৬ ও বাম-কংগ্রেসের ২টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ দিনাজপুরের আসন ২১টি। সেখানে তৃণমূল পেতে পারে ১১-১৫, বিজেপি ৫-৯ ও বাম-কংগ্রেস ২টি আসন।

পশ্চিম মেদিনীপুরের আসন ৬০। তৃণমূল পেতে পারে ৩২-৪২, বিজেপি ১৮-২৪ ও বাম-কংগ্রেস ৪টি আসন।

এবার এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে ৬১ হাজার ৬৩৬ ভোটকেন্দ্রে। ভোট দেবেন ৫ কোটি ৬৭ লাখ ২১ হাজার ২৩৪ জন ভোটার।