পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দল গোছাতে নেতাদের সঙ্গে বসবেন মমতা, একগুচ্ছ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

পাল্টে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতির চিত্র। তৃণমূল কংগ্রেসের ধারণা ছিল এবার ২০২১ সালে পাওয়া ৭৭টির চেয়েও কম আসন পাবে বিজেপি। তবে উল্টে গেল ফল। এ কারণেই বোধ হয় এখনো ফল মেনে নিতে পারেননি তৃণমূল নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখনো বলছেন, নির্বাচনে অন্তত ১০০ আসনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। এমন পরিস্থিতিতে করণীয় নিয়ে দলের নেতাদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার কালীঘাটের দপ্তরে সেই বৈঠকে অংশ নেবেন বিভিন্ন জেলার নেতা, বিধায়ক ও সংসদ সদস্যরা। মমতা দলের নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নতুন করে দলকে সাজানোর দিকনির্দেশনা দেবেন। তিনি বলেছেন, তৃণমূল এই রাজ্যে আছে এবং থাকবে। ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে শাসক দলের বিরুদ্ধে লড়বে।

একগুচ্ছ নতুন কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর কাছে একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন। গতকাল দিনভর সচিবালয়ে কর্মকর্তা ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি।

শুভেন্দু বলেন, বিজেপি সরকারের ধ্যানধারণাই হলো এই বাংলার উন্নয়ন। সোনার বাংলা গড়া। বাংলাকে শিল্পসমৃদ্ধ করা। মানুষের অভাব–অভিযোগ নিরসন করা। তাদের চাহিদা পূরণ করা। রাজ্যের উন্নয়ন হবে দিল্লি ও কলকাতার ‘ডাবল ইঞ্জিন’ সরকারের হাত ধরে। এ সরকারই এই রাজ্যবাসীর আশা–আকাঙ্ক্ষা পূরণ করবে। তাদের উন্নয়নের আলো দেখাবে। সেই আলোর পথে চলবে বাংলার সরকার।

শুভেন্দু বলেন, গতকাল থেকে কার্যকর করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের কার্যক্রম। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বিনা খরচে চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প চালু করতে দেয়নি। সেই প্রকল্প চালু হলো। নাগরিকেরা বছরে বিনা খরচে পাঁচ লাখ রুপির চিকিৎসার সুযোগ পাবে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন নামী হাসপাতালে।

মুখ্যমন্ত্রী আরও জানান, ১ জুন থেকে চালু হচ্ছে বাংলার মা-বোনদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এতে লক্ষ্মীর ভান্ডারের ১ হাজার ৫০০ রুপির অনুদানের পরিবর্তে দেওয়া হবে মাসিক ৩ হাজার রুপির অনুদান। নারীরা পশ্চিমবঙ্গের সব সরকারি বাসে চলতে পারবে বিনা ভাড়ায়।

শুভেন্দু বলেন, ‘এত দিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করে বিশ্ববাংলার যে লোগো চালু করেছিল, সেটি বাতিল করে ভারতে চালু থাকা অশোক স্তম্ভের লোগো চালু হলো। একই সঙ্গে এই বাংলায় চালু করা হলো ভারতের নতুন করে প্রণীত “ভারতের ন্যায় সংহিতা”, যা আগে ছিল ভারতের দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি। এই ন্যায় সংহিতাকে এই রাজ্যে কার্যকর না করে মমতা এই রাজ্যে বলবৎ রেখেছিল পূর্বের দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি। বর্তমানের কেন্দ্রীয় সরকার এই দণ্ডবিধি সংশোধন করে প্রণয়ন করে ভারতের ন্যায় সংহিতা। সেই ন্যায় সংহিতাকে এত দিন এই রাজ্যে চালু করেনি মমতা।’

শুভেন্দু অধিকারী আরও ঘোষণা দিয়েছেন, ‘এই রাজ্যের কোনো চালু প্রকল্প বন্ধ করা হবে না। সেটি ৩০ বছরের পুরোনো হোক না কেন? লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে ১ জুন থেকে। সেই তহবিল থেকে মা-বোনদের দেওয়া হবে মাসে ৩ হাজার রুপি করে, যা আগে মমতার আমলে ছিল লক্ষ্মীর ভান্ডারের নামে ১ হাজার ৫০০ রুপি।’

শুভেন্দু অবশ্য চাকরির আবেদনের ক্ষেত্রে আরও পাঁচ বছর সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেন। তবে এ কথাও বলা হয়, ৬০ বছরের বেশি বয়সী কর্মকর্তা, যাঁদের পুনর্নিয়োগ দেওয়া হয়েছিল তাঁদের নিয়োগ বাতিল করা হলো।