সিসিটিভি ফুটেজে সশস্ত্র কয়েক ব্যক্তিকে হাসপাতালে দেখা যায়। ১৭ জুলাই, বিহারের পাটনা
সিসিটিভি ফুটেজে সশস্ত্র কয়েক ব্যক্তিকে হাসপাতালে দেখা যায়। ১৭ জুলাই, বিহারের পাটনা

ভারতের পাটনায় হাসপাতালে ঢুকে ‘গ্যাংস্টারকে’ হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫

ভারতের বিহার রাজ্যের পাটনার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ঢুকে গুলি করে একজন ‘গ্যাংস্টারকে’ হত্যায় জড়িত সন্দেহে কলকাতা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজনই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।

শনিবার সকালে কলকাতার নিউ টাউন এলাকায় অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করে বিহার পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই ‘গ্যাংস্টারকে’ হত্যার পর কলকাতায় পালিয়ে আসেন। মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌসিফ রাজাকে আগেই পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত বৃহস্পতিবার পাটনার একটি হাসপাতালের আইসিইউতে ঢুকে চন্দন মিশ্র নামের একজন রোগীকে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। তিনি নিজেও একজন দুষ্কৃতী। কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ‘বক্সারের গ্যাংস্টার’ হিসেবে পরিচিত চন্দনের বিরুদ্ধে ২৪টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ১২টি খুনের মামলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের আইসিইউতে গুলির শব্দে রোগীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। সেই সুযোগে বাইরে বেরিয়ে যান পাঁচ দুষ্কৃতী। পরে হাসপাতালের বাইরে বন্দুক উঁচিয়ে উল্লাস করেন তাঁরা।