
পাকিস্তানের প্ররোচনার জবাবে নরেন্দ্র মোদির ভারত নীরব দর্শক সেজে থাকবে না। তেমন উসকানি থাকলে আজকের ভারত শক্তি প্রয়োগ করবে। সেই আশঙ্কা আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত বুধবার ওই প্রতিবেদন মার্কিন কংগ্রেসে পেশ করা হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের তৈরি এই প্রতিবেদনে মার্কিন গোয়েন্দারা কোন কোন ক্ষেত্রে সংঘাতের আশঙ্কা করছেন, তা লিপিবদ্ধ করা হয়। তাতে বলা হয়েছে, আগে সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত যতটা রক্ষণাত্মক ছিল, বর্তমানে তাতে বদল এসেছে। ভারত এখন পরিস্থিতির মোকাবিলায় অনেক বেশি আক্রমণাত্মক।
ভারত ও পাকিস্তানের সীমান্ত বিরোধ দেশবিভাগের সময় থেকেই। আশির দশক থেকে সীমান্ত পরিস্থিতি অন্য রূপ নেয়। ছায়াযুদ্ধ শুরু হওয়ার পর সন্ত্রাসবাদী কাজকর্মে গতি আসে। ভারতবিরোধী সন্ত্রাসী সংগঠনগুলোকে পাকিস্তান মদদ দিতে শুরু করে। কাশ্মীর পরিস্থিতি তাতে নতুন ইন্ধন জোগায়। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি হলে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে ভারত দ্বিধা করবে না।
এই আশঙ্কা জন্ম দিয়েছে সতর্কতার। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তার পরিণতি ভয়ংকর হতে পারে। প্রতিবেদনে সে আশঙ্কা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ছায়াযুদ্ধ ছাড়াও দুই দেশ চারবার যুদ্ধ করেছে। তবে আশার কথা, ভারত ও পাকিস্তান দুই দেশই স্থিতাবস্থা বজায় রেখে চলার পক্ষপাতী। নিয়ন্ত্রণরেখায় অস্ত্র সংবরণ ও সংঘর্ষবিরতি মেনে চলতে দুই দেশই সদিচ্ছা দেখিয়েছে।
পাকিস্তান ছাড়াও ভারতের সীমান্ত বিরোধ রয়েছে চীনের সঙ্গে। প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, দুই দেশ নিজেদের মধ্যে বিরোধের মীমাংসায় কথাবার্তা চালু রেখেছে। কিন্তু তা সত্ত্বেও সম্পর্ক মোটেই স্বাভাবিক নয়। ২০২০ সালে পূর্ব লাদাখের সংঘর্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অবনতি ঘটিয়েছে।
ভারত–চীনের সীমান্ত পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের পক্ষে উদ্বেগজনক। বিষয়টি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়লে মার্কিন স্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হবে। হুমকি বাড়বে। তা যাতে না হয়, সে জন্য মার্কিন হস্তক্ষেপ জরুরি।