
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ঠিক চার বছর পূর্তির মাথায় সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে জম্মু–কাশ্মীর মামলার। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ সংবিধানসম্মত হয়েছে কি না, সুপ্রিম কোর্ট তা বিচার করবেন। আগামী ২ আগস্ট এ মামলার শুনানি শুরু হচ্ছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুনানির সময়সূচি ঘোষণা করেছেন।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন সঞ্জয় কিষান কৌল, সঞ্জীব খান্না, বি আর গাভাই ও সূর্য কান্ত। ২ আগস্ট সকাল সাড়ে ১০টায় এ মামলার শুনানি শুরু হবে। আদালতের নিয়ম অনুযায়ী সোম ও শুক্রবার ‘বিবিধ বিষয়’ শোনার দিন। শনি ও রোববার ছুটি। বাকি তিন দিন নিয়ম করে এ মামলা শোনা হবে বলে প্রধান বিচারপতি জানান।
প্রধান বিচারপতির সিদ্ধান্ত অনুযায়ী, জম্মু–কাশ্মীর মামলার অংশগ্রণকারীদের যাবতীয় আবেদন ও হলফনামা লিখিতভাবে ২৭ জুলাইয়ের মধ্যে জমা দিত হবে। যাবতীয় নথি একত্রিত করে রাখতে দুজন আইনজীবী প্রসন্নন ও কানু আগরওয়ালকে ‘নোডাল অফিসার’ নিয়োগ করা হয়েছে।
জম্মু–কাশ্মীরকে বিশেষ মর্যাদা সম্পন্ন সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ কেন্দ্রীয় সরকার রদ করে ২০১৯ সালের ৫ আগস্ট। এ সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে জমা পড়ে একাধিক আবেদন। প্রায় প্রতিটি আবেদনেই বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত সংবিধান সম্মত ছিল না। ২০২০ সালের মার্চে সুপ্রিম কোর্টে এ মামলার শেষ শুনানি হয়েছিল। এর পর থেকে বারবার বেঞ্চ বদল হয়েছে। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করে মামলা শোনা যায়নি। এর আগে দৈনন্দিন শুনানির মধ্য দিয়ে নিষ্পত্তি হয়েছিল ‘রাম জন্মভূমি–বাবরি মসজিদ মামলা’। ওই সময় প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ। অবসরে যাওয়ার পরপরই তিনি রাজ্যসভার বিজেপিদলীয় সদস্য হয়েছেন।
আজ এ মামলার শুনানির আগের দিন গতকাল সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এক লিখিত হলফনামা পেশ করেন। এতে বিশেষ মর্যাদা প্রত্যাহার ও উপদ্রুত জম্মু–কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার পর পরিস্থিতির কী বিরাট উন্নতি হয়েছে, তার ফিরিস্তি তুলে ধরা হয়। যেমন সংবিধানের বহু বিষয় জম্মু–কাশ্মীরে প্রয়োগ করা যাচ্ছে, যা আগে করা যেত না।
বলা হয়, রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি চালু করা গেছে। গ্রাম ও শহরাঞ্চলের স্থানীয় প্রশাসনের জন্য ৩৪ হাজার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রসারিত হয়েছে। সর্বত্র অভূতপূর্ব শান্তি বিরাজমান। উন্নয়নের কাজ অব্যাহত। সমৃদ্ধি বাড়ছে। নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। এতে পর্যটনশিল্পে জোয়ার এসেছে। ২০২২ সালে ১ কোটি ৯০ লাখ পর্যটক জম্মু–কাশ্মীরে গেছেন। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই পর্যটকের সংখ্যা ৮৪ লাখ ইত্যাদি।
জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের শান্তি ও নিরাপত্তা কতখানি নিশ্চিত তার প্রমাণ হিসেবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০১৮ সালে ২২৮টি সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল ১৪৩টি। ইট–পাটকেল নিয়ে নিরাপত্তারক্ষীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল ১ হাজার ৭৬৭টি। ৯১ নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন।
কেন্দ্রীয় সরকারের দাবি, বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ২০২২ সালে সন্ত্রাসী হামলা ৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৫টিতে। অনুপ্রবেশের ঘটনা ৯০ শতাংশ কমে হয়েছে মাত্র ১৪টি। ইট–পাথর ছোড়ার ঘটনা ৯৭ শতাংশ কমে হয়েছে মাত্র ৫০টি। এ বছরে একটিও ঢিল ছোড়ার ঘটনা ঘটেনি। এখন কথায় কথায় বনধ, হরতাল হয় না। কেন্দ্রীয় সরকার হলফনামায় বলেছে, জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ ও রাজ্য দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত রদ করা হলে, তা ওই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষের স্বার্থ ও নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্বের পরিপন্থী হবে।
জম্মু–কাশ্মীরের অধিকাংশ দল কেন্দ্রের এই হলফনামার বিরোধিতা করেছে। তাদের মতে, সংবিধানে প্রদত্ত জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা যেভাবে প্রত্যাহার করা হয়েছে, তা অসাংবিধানিক। আইনি অবৈধতা ঢাকতে কেন্দ্রীয় সরকার এখন রাজনৈতিক যুক্তি সাজাচ্ছে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, এসব রাজনৈতিক যুক্তি ও দাবি। এগুলো আইনি যুক্তি নয়। ২০১৯ সালের ৫ আগস্ট যা যা করা হয়েছে, সব বেআইনিভাবে। প্রতিটি পদক্ষেপই অসাংবিধানিক।
পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র ফেরানোর দাবি সংবিধান হত্যার অজুহাত হতে পারে না। কেন্দ্র যা করেছে, তা পুরোপুরি অসাংবিধানিক ও বেআইনি। সরকার ক্ষমতার জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে এসব করেছে, কিন্তু তা করতে গিয়ে তারা সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করেছে। সে রায়ে স্পষ্ট বলা হয়েছিল, রাষ্ট্রপতির কাছে ৩৭০ অনুচ্ছেদ রদ করার সুপারিশ করার অধিকার রাখে একমাত্র জম্মু–কাশ্মীর বিধানসভা।
সিপিএম নেতা ইউসুফ তারিগামি বলেন, ‘আমরা এই আরোপিত শান্তি ও স্বাভাবিকতা চাই না। আমরা চাই সেই শান্তি, যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন আছে।’ পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ লোন বলেছেন, সরকারের হলফনামায় সিদ্ধান্ত রদের পরবর্তী পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। সে সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ সংবিধান সম্মত ছিল কি না, আইনি চোখে দেখা হবে। ভালোমন্দ নয়, দেখা হবে ৩৭০ অনুচ্ছেদ খারিজ আইনিভাবে ও সংবিধান মেনে হয়েছিল কি না।