নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারত নকশালমুক্ত দাবি করে নরেন্দ্র মোদি কাদের ‘দিমাগি নকশাল’ বলছেন

দেশ থেকে মাওবাদীদের ‘নিশ্চিহ্ন’ করার পরের লড়াইয়ের সুর বেঁধে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এবার ‘দিমাগি নকশালদের’ হাত থেকে দেশকে বাঁচাতে হবে। গতকাল রোববার দীপাবলির দিনটি প্রধানমন্ত্রী উদ্‌যাপন করেন ছত্তিশগড় রাজ্যের বস্তারে। জঙ্গল, পাহাড়, ঝরনা ও আদিবাসী অধ্যুষিত বস্তারের বিস্তীর্ণ অঞ্চল কিছুকাল আগেও ছিল সশস্ত্র নকশালপন্থী–মাওবাদীদের মুক্তাঞ্চল। সেখানে গিয়েই এবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করলেন প্রধানমন্ত্রী মোদি।

বস্তারে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব জেলা থেকে মাওবাদীরা নিশ্চিহ্ন হয়েছে। এখন আর কোনো জেলায় সশস্ত্র মাওবাদীদের উপস্থিতি নেই। মানুষ শান্তিতে ও নিরুদ্বেগে রয়েছে। এখন অবশিষ্ট আছে দিমাগি নকশাল। এরা দেশের সংবিধান, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করছে। উসকানি দিচ্ছে। এদের পরাস্ত করে দেশকে রক্ষা করতে হবে।

নরেন্দ্র মোদি কিছুদিন আগেও যাদের ‘টুকরে টুকরে গ্যাং’ বলে অভিহিত করতেন, যাদের তিনি ‘খান মার্কেট গ্যাং’ বলতেন, ‘আরবান নকশাল’ বা ‘আন্দোলনজীবী’ বলে যাদের কটাক্ষ করতেন, তাদেরকেই এখন দিমাগি নকশাল বলছেন। এই শব্দবন্ধ তাঁর মুখে প্রথম শোনা গিয়েছিল গত ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রথম তিনি দিমাগি নকশাল শব্দ উচ্চারণ করেছিলেন। বলেছিলেন, এই নকশালরা বন্দুকধারী নয়, তারা ‘কলমধারী’।

মোদি ঠিক কাদের দিমাগি নকশাল বা বুদ্ধিদীপ্ত নকশাল বলে দাগাতে চাইছেন, লালকেল্লার ভাষণের সময় সেই ব্যাখ্যায় যাননি। তবে পরে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছিলেন, প্রধানমন্ত্রী বিরোধীদের দিমাগি নকশাল বলেননি, বলেছিলেন তাদের উদ্দেশে, যারা মাওবাদীদের সমর্থন করে, যারা দেশের সংবিধান মানে না, যারা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ায়, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রেখে দেওয়ার পক্ষে এবং যারা ভারত থেকে উত্তর–পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে শিলিগুড়ির ‘চিকেন নেক’ কেটে দিতে চায়।

এককথায়, যারা দেশদ্রোহী। দেশদ্রোহী কারা, সম্প্রতি আরএসএস–প্রধান মোহন ভাগবত তা বুঝিয়ে দিয়েছেন—তাঁরই পাশাপাশি বিজেপির শীর্ষ নেতারাও। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিজেপি নেতৃত্ব অনেক দিন ধরেই বিদেশি শক্তির মদদপুষ্ট বলে আসছেন।

রাহুলের বিরুদ্ধে বিজেপি মার্কিন ধনকুবের জর্জ সোরস, চীন ও পাকিস্তানের সুরে সুর মিলিয়ে কথা বলার অভিযোগ এনেছেন অনেক দিন ধরে। দেশকে দুর্বল করার, বিদেশে গিয়ে দেশের সম্মানহানি করার দায়ে রাহুলকে অভিযুক্ত করেছেন।

ইদানীং ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বাম ছাত্রসংগঠনের নেতা–নেত্রীদেরও সেই ভাষায় আক্রমণ করছে বিজেপি। সরাসরি না বললেও মোদি–ভাগবতদের তিরের অভিমুখ এঁদের দিকেই ধাবিত। তাঁদের চোখে এঁরাই অঘোষিতভাবে দিমাগি নকশাল।

দীপাবলির সকালেই মোদি পৌঁছে যান বিজেপিশাসিত ছত্তিশগড়ের বস্তারে। সেখানে গিয়ে তিনি নিরাপত্তারক্ষী জওয়ানদের সঙ্গে কথা বলেন। তাঁদের নিজে হাতে মিষ্টি খাইয়ে দেন।

জওয়ানদের সমাবেশে মোদি বলেন, মাওবাদী ও নকশালদের বিরুদ্ধে লড়াই চলছে অনেকদিন ধরে। সেই লড়াইয়ে সরকারের জয়ের পর এটাই প্রথম দীপাবলি। দেশের প্রতিটি জেলাই এখন মাওবাদীমুক্ত। এরপরই মোদি দিমাগি নকশাল প্রসঙ্গে আসেন।

মোদি বলেন, এই সাফল্যের মধ্যে ভুললে চলবে না, সশস্ত্র নকশালপন্থীরা নির্মূল হলেও দিমাগি নকশালরা টিকে আছে। তারা অনেক সংগঠনের নিয়ন্ত্রণ নিয়েছে। গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবিধান ও দেশের বিরুদ্ধে তারা মানুষজনকে উসকানি দিচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে। দেশকে তাদের কবল থেকে রক্ষা করতে হবে।

দেশকে মাওবাদীমুক্ত করার কৃতিত্ব মোদি সরকার অবশ্যই নিতে পারে। মাওবাদীদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানোর পাশাপাশি আত্মসমর্পণ করা মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনার কর্মসূচি ২০১৭ সাল থেকে নেওয়া হয়। বিশেষভাবে নজর দেওয়া হয় ছত্তিশগড়ের বস্তার; মহারাষ্ট্রের গড়চিরৌলি; পশ্চিবঙ্গের জঙ্গলমহল; বিহারের গয়া, আওরঙ্গবাদ, জামুই, জেহানাবাদ ও ওডিশার মালকানগিরি, কোরাপুট, সুন্দরগড়ে। গড়চিরৌলি ও বস্তার মুক্ত হয় সবশেষে।

২০১৮ সালের এপ্রিল মাসে মাওবাদী অধ্যুষিত জেলা ১২৬ থেকে কমে দাঁড়ায় ৯০–এ। তিন বছর পর ২০২১ সালে ৭০টি জেলায় সশস্ত্র মাওবাদীরা সক্রিয় ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ২০২৪ সালে মাওবাদীদের দাপট কমে দাঁড়ায় মাত্র ৩৮ জেলায়। ২০২৫ সালে তা কমে হয় ৮ জেলা।

শেষ পর্যন্ত বস্তারের দান্তেওয়াড়া এলাকাতেই মাওবাদীরা সক্রিয় ছিল। চলতি বছরের মার্চ–এপ্রিলে সেখানেও তাদের নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, দেশ এখন নকশালমুক্ত।

দীপাবলির দিন প্রধানমন্ত্রী মোদি গর্ব করে জানিয়েছেন, গত এক বছরে দেশের কোথাও সশস্ত্র মাওবাদী ও নকশালপন্থীদের হামলায় কর্তব্যরত একজনও আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়নি। তাঁর দাবি, গত ৪৭ বছরে এমন ঘটনা এই প্রথম। এবার দিমাগি নকশালদের নিষ্ক্রিয় করার পালা।