বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতার ছেলে

দিল্লিতে অনিল অ্যান্টনিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ফুল দিয়ে বরণ করে নেন।
ছবি: এএনআই

গত জানুয়ারিতে কংগ্রেস ছেড়েছিলেন দলটির শীর্ষ নেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। বলেন, মতাদর্শের পার্থক্যের কারণেই তিনি এমনটা করেছেন।  তবে ছেলের এমন পদক্ষেপে বেশ ক্ষোভ প্রকাশ করেন এ কে অ্যান্টনি। এর জবাবে অনিল বলেন, ‘আমার বাবা এমন একজন ব্যক্তি, যাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।’

গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির তথ্যচিত্রকে কেন্দ্র করে দলের আনুষ্ঠানিক অবস্থানের সমালোচনা করে গত ২৫ জানুয়ারি দল ছাড়েন অনিল অ্যান্টনি। আজ সন্ধ্যায় তিনি এনডিটিভিকে বলেন, ‘এটি কোনোভাবেই ব্যক্তিগত নয়। এটি দেশের ভবিষ্যৎ গন্তব্য কোথায়, তা নিয়ে ধারণা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমি স্পষ্ট করে বলছি যে আমি তরুণ ভারতের প্রতিনিধিত্ব করছি।’ খবর এনডিটিভির

কংগ্রেসের প্রতি তাঁর মোহভঙ্গের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বেড়ে ওঠার সময় আমি কংগ্রেসকে যেমন দেখেছি, এখন আর দলটা তেমন নেই। ২০ বছর আগে বা পাঁচ বছর আগেও যা ছিল, এখন এই দল সেটি নয়। এই দলটি দু-তিনজন ব্যক্তির স্বার্থ প্রচারের কাজ করে। এটি খুবই দুঃখজনক। কংগ্রেস দেশের ভবিষ্যৎ নয়। এটি শুধু আমার মতামত নয়, ভারতের বেশির ভাগ মানুষ এমনটাই মনে করে।’

অনিল অ্যান্টনি কেরালা প্রদেশ কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যম সেলের সঙ্গে যুক্ত ছিলেন। বিবিসির তথ্যচিত্রটিকে তিনি ভারতের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক বলে মনে করেন। তাঁর মতে, যা ঘটেছে, তা এক ভয়ংকর প্রবণতা। প্রাতিষ্ঠানিক (সুপ্রিম কোর্ট) অমর্যাদার নমুনা।

অনিল অ্যান্টনি টুইট করে বলেছিলেন, ‘যাঁরা বাক্‌স্বাধীনতার কথা বলেন, আজ তাঁরাই অসহিষ্ণু হয়ে পড়েছেন। আমি এই ভন্ডামির পক্ষে নেই। স্তাবকদের পাশে থাকারও ইচ্ছা আমার নেই।’ অনিল তাঁর ইস্তফাপত্র টুইটারে পোস্ট করেছিলেন।

গান্ধী পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বলে পরিচিত এ কে অ্যান্টনি আজ সকালে ছেলের বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ‘ভুল’ বলে অভিহিত করেন। পাশাপাশি এ মুহূর্ত তাঁর জন্য খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি ভারতকে ঐক্যবদ্ধ রাখা এবং এর বৈচিত্র্যকে সম্মান করার জন্য নেহরু-গান্ধী পরিবারকে কৃতিত্ব দেন।

দিল্লিতে অনিল অ্যান্টনিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ফুল দিয়ে বরণ করেন নেন। এ সময় পাশে দলের অনেক জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।

অনিল দলে জায়গা দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। দলে যোগদান শেষে অনিল দলের প্রধান জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরনের সঙ্গে বৈঠক করেন।