মোদি নিজেকে যেভাবে চাঙা রাখেন

আর্ন্তজাতিক যোগ দিবসে লক্ষ্ণৌতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৭ সালের ২১ জুন
ফাইল ছবি: রয়টার্স

বয়স তাঁকে কাবু করতে পারেনি মোটেই। বরং তিনিই বয়সের গাছপাথরকে আমলে না নিয়ে এগিয়ে চলছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর যোগ সাধনা, খাদ্যাভ্যাসসহ সার্বিকভাবে ফিটনেসের কলাকৌশলগুলো সাধারণ মানুষ কিছুটা জানতে পেরেছেন। বাস্তবে এমন চর্চা তাঁর আজীবনই।

আমরা বলছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির কথা। বয়স ৭৩ চলছে। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের একটি ছোট শহরে তাঁর জন্ম। একটি অনগ্রসর শ্রেণি থেকে উঠে এসে ৫১ বছর বয়সে গুজরাটের মুখ্যমন্ত্রী, এরপর ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই হিসাবে টানা ২২ বছর তিনি ক্ষমতার কেন্দ্রে রয়েছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী, পরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির নানা সমালোচনা রয়েছে। কিন্তু একজন মানুষ হিসেবে সুস্থ থাকার জন্য তাঁর যে নিরলস চর্চা, তা অনেকের কাছেই আদর্শ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিটনেস বিষয়ে তাঁর চিন্তা ও চর্চা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকেন। ভারতের নামী ক্রীড়াবিদ, তারকা, যোগব্যায়াম গুরু প্রমুখের সঙ্গে বাতচিত করেন। ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণার ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। ২০২০ সালে ভারতের জাতীয় শিক্ষানীতিতে ফিটনেসকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন নরেন্দ্র মোদি। শুধু তা–ই নয়, ভারতের সব বয়সের মানুষের জন্য ফিটনেস–সংক্রান্ত নিয়মের সূচনা তিনিই করেছেন। কারণ, তাঁর মতে, ফিটনেস শুধু শরীরের জন্যই প্রযোজ্য নয়, মানসিক ও সামাজিক স্বাস্থ্যের জন্যও তা সমান গুরুত্বপূর্ণ।

বিশ্বের অন্যতম ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও ব্যায়ামের জন্য সময় বের করেন মোদি, এমনকি দেশের বাইরে গেলেও তা বাদ দেন না। যাঁরা কিছু স্থূল দেহের অধিকারী, শত চেষ্টা করেও নিজেকে ফিট রাখতে পারছেন না, যাঁরা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন, তাঁরা মোদির জীবনাভ্যাস অনুসরণ করতে পারেন।

চিকিৎসকদের মতে, সুস্থ থাকার জন্য একজন মানুষের দৈনিক অন্তত ৬ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। কিন্তু ২০১৯ সালে বলিউডের অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি জানান, তিনি ঘুমান তিন ঘণ্টা। আরেকটি লেখায় পাওয়া গেছে, তিনি চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমান। ২০০১ সালে এক সাক্ষাৎকারে মোদি নিজেই বলেন, তাঁর কম ঘুম নিয়ে তাঁর চিকিৎসক বন্ধুরা উদ্বিগ্ন। তাঁরা বলেছেন, পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু নরেন্দ্র মোদি সারা জীবন কাজপাগল মানুষ। সাড়ে তিন ঘণ্টা ঘুমালেই তাঁর চলে। তিনি বলেন, ‘আমার ঘুম খুব আরামদায়ক হয়। বালিশে মাথা রাখার ৩০ সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়ি।’

মোদির এই ‘কম ঘুম, বেশি কাজ’ নিয়ে বিজেপি নেতারা খুবই উল্লসিত। নেতাদের কেউ কেউ বলে থাকেন, মোদিজি ঘুমান মাত্র দুই ঘণ্টা। এর আগে বিজেপির শীর্ষস্থানীয় এক নেতা বলেছেন, প্রধানমন্ত্রী দিনে ২২ ঘণ্টা কাজ করেন। টিপ্পনী কাটতেও ছাড়েননি তিনি, বলেছেন, অপর দিকে রাহুল গান্ধীর দুই মাস পরপরই ছুটির প্রয়োজন হয়। ছুটি নিয়ে এমন জায়গায় যান যে তাঁর মা–ও (সোনিয়া গান্ধী) চিন্তায় থাকেন!

২.

নরেন্দ্র মোদির একাধিক সাক্ষাৎকার ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, তিনি ঘুম থেকে ওঠেন ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘চোখ খুললেই আমার পা মাটিতে পড়ে যায়। এটা দীর্ঘ বছর ধরে আমার জীবনের অংশ হয়ে গেছে।’ অর্থাৎ উঠেই ধ্যানে বসে যান তিনি। এরপর সূর্য নমস্কার ও প্রাণায়াম। কিছুটা হাঁটেন।

আর্ন্তজাতিক যোগ দিবসে একটি যোগ ক্যাম্পে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালের ২১ জুন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের একটা ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খালি পা। লাল-সাদা উত্তরীয় গলায়। পরনে কালো ট্র্যাকস্যুট। কখনো হাত ওপরে তুলে হাঁটছেন। কখনো বা একটি গাছের পাশ দিয়ে গোল হয়ে ঘুরছেন। আবার কখনো একটি এবড়োখেবড়ো পাথরের ওপর বসে ধ্যানরত। একসময় তার ওপর চিৎ হয়ে শুয়ে নমস্কারের ভঙ্গিতে স্ট্রেচ করছেন। আবার দাঁড়িয়ে প্রাণায়াম করছেন। সকালে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা সময় এভাবেই কাটে তাঁর।

মোদি বিশ্বাস করেন, যোগব্যায়াম শারীরিক ও মানসিক স্বাস্থের জন্য খুব ভালো। এতে মন শিথিল হয়, দূর হয় উত্তেজনা, পেশির শক্তি বাড়ে ও ঘুমের চাহিদা কমায়।

মোদি সকালের জলখাবার খেয়ে নেন ৯টার মধ্যেই। তিনি গুজরাটি খাবার খেতে পছন্দ করেন। সেই তালিকায় থাকে পোহা ও ধোকলা। পোহা উত্তর ভারতের একটি জনপ্রিয় সকালের খাবার। চিড়া ভেজানোর পর শুকিয়ে নিয়ে এর সঙ্গে বাদাম, আলু, শর্ষেদানাসহ অন্যান্য মসলা দিয়ে ভেজে তৈরি করা হয় পোহা। এতে সাদা ভাতের চেয়ে কার্বোহাইড্রেট ও ফ্যাট কম থাকে।

আবার মধ্যাহ্নভোজে মোদির পাতে থাকে গুজরাতি কিংবা দক্ষিণ ভারতীয় হালকা খাবার। আর রাতে রুটি, মসুর ডাল ও টক দই তাঁর পছন্দ। খিচুড়ি খেতে খুব ভালোবাসেন নরেন্দ্র মোদি। ফলমূলও পছন্দ করেন। এতে ডায়েটে ভারসাম্য থাকে। মোদি একজন নিরামিষভোজী, এটা আমরা সবাই জানি।

আরেক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি জানিয়েছেন, তাঁর ডায়েট চার্টে পরোটা ও মাশরুম রেখেছেন। তবে মাশরুমটা কেবল হিমাচল প্রদেশের। মোদি বলেন, ‘আমি হিমাচল প্রদেশের মাশরুম খেতে পছন্দ করি। কারণ, এটা অনেক গুণসমৃদ্ধ।’ এই মাশরুমের বৈজ্ঞানিক নাম Macrula exulenta।

প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন বা দেশের বাইরে থাকেন, প্রচুর হাঁটেন মোদি। এমনকি কোনো নির্বাচনী জনসভায় গেলেও কেবল উড়োজাহাজ থেকে নেমে আবার বক্তৃতা দিয়ে উঠে পড়েন না। অনেক সময় ধরে হেঁটে হেঁটে বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলেন।

শরীর সুস্থ রাখতে নিয়মিত উপোস করেন নরেন্দ্র মোদি। ২০১২ সালে এক জনসভায় তিনি জানিয়েছিলেন, ৩৫ বছর ধরে তিনি ‘নবরাত্রির উপোস’ করছেন। এ সময় তিনি লেবুর পানি ও শরবত খেয়ে থাকেন। এমনকি ২০১৪ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়েও উপোস করতে ভোলেননি। মোদির মতে, শরীর ঠিক রাখার জন্য উপোস অন্যতম সেরা উপায়।

২০২০ সালে ভারতের প্রখ্যাত পুষ্টিবিদ রুজিতা দিবাকরের সঙ্গে ফিটনেস নিয়ে মতবিনিময় করেন নরেন্দ্র মোদি। এ সময় রুজিতা অতীতের খাদ্যাভাসকে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন। ডাল, ভাত ও ঘি খাওয়ার কথা তিনি তুলে ধরেন। তাঁর মতে, প্রতিটি অঞ্চলের নিজস্ব খাদ্যাভাস রয়েছে এবং বাড়ির খাবার সবচেয়ে ভালো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে একমত পোষণ করেন এবং রুজিতার ‘ভোকাল ফর লোকাল’ তত্ত্বকে সমর্থন দেন।

যেকোনো স্বাস্থ্য সমস্যায় ঘরোয়া টোটকা অনেকটা ম্যাজিকের মতোই কাজ করে, এমনটাই বিশ্বাস নরেন্দ্র মোদির। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ঠান্ডা লাগলে সাধারণত ওষুধ খান না। বরং গরম জল পান করেন। সঙ্গে উপবাস। ওতেই তা সেরে যায়।

কাব্যচর্চারও ঝোঁক আছে নরেন্দ্র মোদির। একাধিক বইও লিখেছেন তিনি। সৃজনশীল কাজ তাঁর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে।

৩.

রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলেন, প্রধানমন্ত্রী মোদি দেশের জনসাধারণকে ব্যায়ামের ওপর জোর দিচ্ছেন, এটা ভালো দিক। কিন্তু ভারতের রাজধানী নয়াদিল্লিতে উন্মুক্ত স্থানে যোগব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে হানিকারক। কারণ, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে নয়াদিল্লি একটি।

পর্যবেক্ষকেরা আরও বলেন, নরেন্দ্র মোদি যেমন নিজের ফিটনেস ও শরীর-স্বাস্থ্য ঠিক রাখার ব্যাপারে মনোযোগী, তেমনি ভারতের বহুত্ববাদ ও গণতন্ত্রের সার্বিক ফিটনেসের দিকেও তাঁর দৃষ্টি দেওয়া কর্তব্য, যা থেকে তিনি যথেষ্ট পিছিয়ে আছেন এবং সমালোচনার কাঁটায় বিদ্ধ হচ্ছেন প্রতিনিয়ত।

গার্ডিয়ান, ডিএনএ ইন্ডিয়া, ইকোনোমিক টাইমসসহ একাধিক গণমাধ্যম অবলম্বনে।

কাজী আলিম-উজ-জামান, উপবার্তা সম্পাদক, প্রথম আলো
alim.zaman@prothomalo.com