জরিপের তথ্য

বিশ্বে ৭৫ শতাংশ বাঘের বাস এখন ভারতে

প্রতি চার বছর অন্তর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথোরিটি দেশজুড়ে বাঘশুমারি করে থাকে
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতে বাঘের সংখ্যা বেড়েছে। দেশটিতে গত বছর বাঘের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়েছে। পাশাপাশি বিশ্বের জঙ্গলে থাকা ৭৫ শতাংশ বাঘের বাস এখন ভারতে। গতকাল রোববার সর্বশেষ বাঘশুমারির তথ্য প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেছেন। এদিন মোদি বলেছেন, ২০১৮ সাল থেকে ২০২২ সাল—এই ৪ বছরে দেশে কম করে হলেও ২০০টি বাঘ বেড়েছে।

সর্বশেষ ২০১৮ সালের ভারতের বাঘশুমারিতে বলা হয়েছিল, ভারতে বাঘের সংখ্যা ২ হাজার ৯৬৭টি। ২০২২ সালে ভারতে সেই বাঘের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৭টি। সর্বশেষ শুমারিতে আরও বলা হয়েছিল, বিশ্বের জঙ্গলে থাকা বাঘের ৭০ শতাংশের বাস ভারতে। আর এখন তা বেড়ে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে।

ভারতে রয়েছে বাঘের জন্য ৭৫ হাজার বর্গকিলোমিটার অরণ্য। দেশটিতে প্রতি চার বছর অন্তর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথোরিটি দেশজুড়ে বাঘশুমারি করে থাকে। ক্যামেরা ট্র্যাপ এবং কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে গণনা করা হয় বাঘের সংখ্যা।

সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশেও বাঘের সংখ্যা বেড়েছে। এখন সেই সংখ্যা বেড়ে ১০০-তে দাঁড়িয়েছে। ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে সুন্দরবন কর্তৃপক্ষ এই সংখ্যা পেয়েছে।

গতকাল সুন্দরবন বাঘ প্রকল্পের কর্মকর্তা অজয় কুমার দাস বলেন, ‘এই রাজ্যে এখন বাঘ সংরক্ষণ কাজ সুষ্ঠুভাবে চলছে। তারই প্রমাণ মিলেছে এবার। ২০১০ সালের ৭০ বাঘ এখন সেঞ্চুরি করেছে। এটা আমাদের জন্য আনন্দের ও গর্বের।’

২০১০ সালে সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশে পরিচালিত বাঘশুমারিতে মিলেছিল ৭০টি বাঘের খোঁজ। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৭৬-এ। ২০১৮ সালে তা আরও বেড়ে ৮৮টিতে দাঁড়ায়। আর সর্বশেষ ২০২২ সালে সেই সংখ্যা ১০০-তে দাঁড়িয়েছে।