ভারতে রহস্যময় গ্যাস

‘গন্ধ পেয়ে বাইরে তাকিয়ে দেখি, লোকজন মাটিতে পড়ে আছে’

লুধিয়ানার গিয়াসপুরায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পর উদ্ধারকাজে নামেন ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা
ছবি: এএনআই

‘গত রাতে বৃষ্টি হয়েছিল। ভাবলাম, এ কারণেই দুর্গন্ধটা আসছে। পরে গন্ধ আরও বেড়ে গেল। আমি বাসা থেকে বাইরের দিকে তাকালাম। দেখলাম, লোকজন মাটির ওপর পড়ে আছে। গ্যাসের গন্ধ খুবই তীব্র ছিল। এমনকি রাস্তার ওপর একটি বিড়ালও মরে পড়ে ছিল।’

কথাগুলো বলছিলেন শিভাম সিং। তিনি ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা শহরের গিয়াসপুরা এলাকার বাসিন্দা। গতকাল রোববার ওই এলাকায় ছড়িয়ে পড়েছিল বিষাক্ত গ্যাস। মারা যান ১১ জন। হাসপাতালে ভর্তি আছেন আরও ৪ জন। অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। এলাকাটিতে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিষাক্ত গ্যাসটি কী ছিল, কীভাবেই তা ছড়িয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। তবে গিয়াসপুরা এলাকার বাতাসে উচ্চ মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। গতকাল লুধিয়ানার ডেপুটি কমিশনার সুরভি মালিক জানিয়েছিলেন, শহরের ম্যানহোলে জমে থাকা মিথেন গ্যাসের সঙ্গে অন্য কোনো রাসায়নিকের বিক্রিয়া থেকে বিষাক্ত গ্যাসটি তৈরি হতে পারে।

শিভাম সিং একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে অনেককে রাস্তার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তাতে শিভামকে বলতে শোনা যায়, ‘এই এলাকাটিতে কলকারখানা রয়েছে। তাই এখানে প্রতিদিন ভিড় থাকে। তবে রোববার হওয়ায় গতকাল লোকজন কম ছিল।’

গিয়াসপুরা এলাকাটি ঘনবসতিপূর্ণ। রয়েছে অনেকগুলো দোকান। এর মধ্যে একটি কোমল পানীয়ের দোকান, একটি মুদিদোকান আর একটি ক্লিনিকে সব সময় ভিড় লেগেই থাকে। মুদিদোকানের পাশে থাকতেন বিলাস কুমার। বিষাক্ত গ্যাসে বিলাস, তাঁর স্ত্রী বর্ষা দেবী আর তিন সন্তানের কেউ বাঁচেনি। বিলাসের নিকটাত্মীয় কাপিল কুমার বলছিলেন, ‘ওই বাসায় পাঁচজন থাকতেন। এখন কেউ নেই।’

গতকাল ছিল ভারতে সাপ্তাহিক ছুটির দিন। এ কারণে হতাহতের সংখ্যা কম হয়েছে বলে মনে করছেন অনেকে। যেমন শিভাম সিং একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে অনেককে রাস্তার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে শিভাম সিংকে বলতে শোনা যায়, ‘এই এলাকাটিতে কলকারখানা রয়েছে। তাই এখানে প্রতিদিন ভিড় থাকে। তবে রোববার হওয়ায় গতকাল লোকজন কম ছিল।’

বিষাক্ত গ্যাসে ভাই হারিয়েছেন অশ্বিন কুমার নামের এক ব্যক্তিও। এক প্রতিবেশীর ফোন পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বললেন, ‘আমার ভাই নভনীত কুমার ও ভাবি নিতু দেবী রাস্তার ওপর পড়ে ছিলেন।’

ছুটির দিনে সকালে ক্রিকেট খেলতে বের হয়েছিলেন অরবিন্দ চৌবে। গ্যাসের গন্ধ পাওয়ার পর কাপড় দিয়ে নিজের মুখ পেঁচিয়ে নেন তিনি। দ্রুত চলে যান সেখান থেকে। এ সময় গ্যাসের কারণে তাঁর আশপাশের অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। অরবিন্দ বলেন, ‘আমি সামনে একটু এগিয়ে গেলাম। আর পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকলাম।’
গতকাল গ্যাসের গন্ধ পেয়ে অনেকেই কী হচ্ছে জানতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

তাঁদের একজন প্রীতি। তাঁর স্বামীর গিয়াসপুরা এলাকায় দুধ ও মুদিদোকানের ব্যবসা রয়েছে। প্রীতির ভাই অজয় গুপ্ত থাকেন জালান্ধার শহরে। তিনি বলেন, তাঁর বোন সকাল সাড়ে ছয়টায় ফোন দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন। এর এক ঘণ্টা পর একটি ফোন পান তিনি। জানতে পারেন, তাঁর বোন আর নেই। মারা গেছেন তাঁর ভগ্নিপতি ও বোনের শাশুড়িও।

বিষাক্ত গ্যাসে ভাই হারিয়েছেন অশ্বিন কুমার নামের এক ব্যক্তিও। এক প্রতিবেশীর ফোন পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বললেন, ‘আমার ভাই নভনীত কুমার ও ভাবি নিতু দেবী রাস্তার ওপর পড়ে ছিলেন। দুজনই মারা গেছেন। তবে তাঁদের ১৭ বছর বয়সী মেয়ে ও আমার এক ভাই বেঁচে গেছেন।’ তিনি এখন হাসপাতালে ভর্তি বলে জানালেন অশ্বিন।

গ্যাসে মৃতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার। আর আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার রুপি। তবে এই ক্ষতিপূরণে কিছু ‘যায় আসে না’ বোন হারানো অজয় গুপ্তের। বিমর্ষ মুখে বললেন, ‘আমার পরিবারই তো আর নেই।’