প্রেশার কুকার, বালতি হাতে ক্লাসে

ক্লাসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এসব পাত্রে করে এনেছেন তাঁরা
ছবি: ভিডিও থেকে

কারও হাতে ঝুড়ি, কারও হাতে কাগজের বাক্স, কারও হাতে প্রেশার কুকার, কারও হাতে বালতি, বালিশের কভার, তোয়ালে। এসব নিয়ে ক্লাসে এসেছেন শিক্ষার্থীরা। ক্লাসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তাঁরা এসবে করে এনেছেন। অস্বাভাবিক মনে হলেও এটা ঘটেছে ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে।

চেন্নাইয়ের উইমেনস ক্রিশ্চিয়ান কলেজের শিক্ষার্থী মজা করে ‘নো ব্যাগ ডে’ উদ্‌যাপন করতে চেয়েছিলেন। অর্থাৎ ওই দিন কোনো শিক্ষার্থী ব্যাগ নিয়ে আসবেন না। কিন্তু ক্লাসের প্রয়োজনীয় জিনিসপত্র তো আনতেই হবে। এ জন্য এমন অদ্ভুত সব জিনিস বেছে নিয়েছিলেন তাঁরা।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, এক ছাত্রী বালতিতে করে তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র এনেছেন।

আরেকজনকে দেখা যায়, তিনি এই কাজে বালিশের কভার ব্যবহার করেছেন। আরেকজনকে দেখা যায়, প্রেশার কুকারের মধ্যে খাতা-কলম নিয়ে ক্লাসে এসেছেন। আরেকজন এসব এনেছেন গিটার ব্যাগে। এমনকি জুতার বাক্সও এ কাজে ব্যবহার করেছেন অনেকে।

এদিন ক্লাসে যাওয়া ও আসার আগে অনেকেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ভিডিওতে দেখা যায়, সবাই বেশ মজাই পেয়েছেন। ভাঝকা দুদে নামে একটি ইনস্টাগ্রাম আইডি থেকে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। এর ক্যাপশনে লেখা হয়েছে, পিওভি (পয়েন্ট অব ভিউ): আপনার কলেজে ব্যাগহীন দিবস।

ভিডিওটি ইতিমধ্যে ১৭ লাখ বার দেখা হয়েছে। এতে ১ লাখ ৩০ হাজারের বেশি লাইক পড়েছে। অনেক শিক্ষার্থী এতে মন্তব্য করেছেন। ক্যাম্পাসে এমন দিবস উদ্‌যাপন করা হলে তাঁরা কিসে করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবেন, তা–ও বলেছেন অনেকে। অনেকে শিক্ষাজীবনের পুরোনো স্মৃতিতে হারিয়ে গেছেন। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, অসাধারণ সৃজনশীল কাজ। নির্মল একটি ভাবনা।

সর্বশেষ এমন অদ্ভুত আয়োজন দেখা গিয়েছিল পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে প্রতীকী বিয়ের আয়োজন করা হয়েছিল। এ জন্য কনে সাজানো হয়েছিল। সাজানো হয়েছিল বর। আবার বরযাত্রীও ছিল। তবে সবই ছিল মিথ্যামিথ্যি।