সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার

পশ্চিমবঙ্গের ৮ জেলাকে পৃথক করার প্রস্তাব দিলেন বিজেপির সুকান্ত

পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের ৮ জেলাকে আলাদা করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাব করেছেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আজ বুধবার তিনি এ প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জমাও দিয়েছেন।

আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রচারমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সুকান্ত মজুমদার বলেছেন, উত্তরবঙ্গ দীর্ঘদিনের অনুন্নয়নের শিকার। এখন প্রধানমন্ত্রী উত্তর-পূর্বের রাজ্যগুলোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছেন। এ জন্য বড় অঙ্কের অর্থও বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর অংশের ৮ জেলাকে যদি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তবে এই অর্থ বরাদ্দ তারাও পাবে এবং উন্নয়নের রাস্তা খুলবে।

বিজেপি অতীতে ঘুরিয়ে-ফিরিয়ে এ ধরনের মন্তব্য করলেও, এ নিয়ে সব সময়ই একটা অস্পষ্টতা রয়ে গিয়েছে। যখন উত্তরবঙ্গের নেতারা বলেছেন উত্তরবঙ্গকে আলাদা করা দরকার বা এটিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা দরকার, তখন কলকাতায় বসে রাজ্য নেতৃত্ব জানিয়েছেন এ মন্তব্য তাঁদের নীতির সঙ্গে খাপ খায় না। কিন্তু এবারে স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি এ কথা বলে বসলেন।

তবে রাজ্য বিজেপি সভাপতির এমন দাবির নানান ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। একটি ব্যাখ্যা হলো, সুকান্ত উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী হওয়ার কারণে তিনি রাজ্য বিজেপির সভাপতি থাকতে পারবেন না। তাই পশ্চিমবঙ্গের এই জেলাগুলোকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার উদ্দেশ্য ভবিষ্যতে ওই অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিজের প্রভাব বিস্তার করা।

তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ইতিমধ্যেই এ মন্তব্যের বিরোধিতা করে বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের হারের পর বিজেপি এ মুহূর্তে হতাশার মধ্যে রয়েছে। তিনি বলেন, হতাশা থেকে তৈরি হওয়া সেই অবসাদ কাটাতেই এ ধরনের আজেবাজে কথা তারা বলছে। পশ্চিমবঙ্গের স্বার্থ নিয়ে তারা কোনো দিনই চিন্তিত নয় এবং যদি তা হতো, তাহলে কেন্দ্র সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গের যে অর্থ প্রাপ্য তা নিয়ে কথা বলত, যা তারা কোনো দিনই বলে না।

পশ্চিমবঙ্গের রাজনীতির নিরিখে এ মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর। কারণ, পশ্চিমবঙ্গের মোটামুটি ৭৫ শতাংশ আসন রয়েছে দক্ষিণবঙ্গে। সুকান্ত মজুমদারের এ মন্তব্যের ফলে দক্ষিণবঙ্গে বাঙালি–অধ্যুষিত অঞ্চলে বিজেপি তাদের যে প্রভাব তৈরি করতে পেরেছে, তা হারাবে বলে মনে করা হচ্ছে। যদিও উত্তরবঙ্গে তারা হয়তো কিছুটা লাভবান হবে। কিন্তু যেহেতু উত্তরবঙ্গে মাত্র ২৫ শতাংশ আসন রয়েছে, ফলে ভবিষ্যতে নির্বাচনে তারা বিপদে পড়তে পারে বলে বিজেপির একাংশ মনে করছে।