ভারতে সংসদের অচলাবস্থাতেই বাজেট পাস

অচলাবস্থাতেই শেষ হয়ে গেল ভারতীয় সংসদের বাজেট অধিবেশন। আদানি–কাণ্ডের তদন্তে যুগ্ম সংসদীয় কমিটি গঠন ও বিদেশে ভারতের সম্মানহানির জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ক্ষমাপ্রার্থনা, সম্মিলিত বিরোধী ও সরকারপক্ষের দাবি–পাল্টা দাবির জেরে পণ্ড হলো গোটা বাজেট অধিবেশন।

অধিবেশনের সমাপ্তি ঘোষণার পরই বিরোধী দলের নেতারা লোকসভা ভবনের অদূরে কনস্টিটিউশন ক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, সংসদকে অচল করার জন্য একমাত্র দায়ী সরকার। আদানি–কাণ্ডসহ গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে যাতে আলোচনা না হয়, সরকারকে যাতে জবাবদিহি করতে না হয়, যুগ্ম সংসদীয় কমিটি যাতে গড়তে না হয়, সে জন্যই এভাবে অধিবেশন ভন্ডুল করে দেওয়া হলো।

বিরোধী নেতারা বলেন, ১৮-১৯টি দল সরকারের কাছে জানতে চেয়েছে, দুই থেকে আড়াই বছরের মধ্যে কোন জাদুতে আদানি সাম্রাজ্যের সম্পদ ১২ লাখ কোটি টাকায় পৌঁছায়। অথচ সরকার সংসদই অচল করে রাখল। এ থেকেই পরিষ্কার, মোদি সরকার কী লুকাতে চাইছে।

বিরোধী দল নেতাদের পাশে রেখে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সম্মেলনে বলেন, কোনো আলোচনা ছাড়াই ৫০ লাখ কোটি টাকার বাজেট ১২ মিনিটে পাস করিয়ে নেওয়া হলো। শাসক দল সমস্যা সৃষ্টি করছে। তা নিয়ে আলোচনা রুখতে সভা বন্ধের ছলচাতুরী করছে। আবার সে জন্য বিরোধীদের দোষারোপ করছে। খাড়গে বলেন, ‘বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। সংসদে একটি কথাও যাতে বিরোধীরা বলতে না পারেন, সে ব্যবস্থা সরকার নিশ্চিত করেছে। আমার ৫২ বছরের রাজনৈতিক জীবনে এমন অবস্থা দেখিনি।’

আজ বৃহস্পতিবার লোকসভা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর সোনিয়া গান্ধী, খাড়গের সঙ্গে বিরোধী সদস্যরা সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত জাতীয় পতাকা হাতে হেঁটে যান। তারপর কনস্টিটিউশন ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করেন।

কংগ্রেস সভাপতি বলেন, মোদি সরকার মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু মানে না। বিরোধীরাই সংবিধান ও গণতন্ত্রকে আগলে রেখেছে। তিরঙ্গা যাত্রা ও যৌথ সংবাদ সম্মেলনে কংগ্রেস, ডিএমকে, আরজেডি, এনসিপি, সমাজবাদী পার্টি, বামপন্থী দলগুলোর সঙ্গে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, তেলেঙ্গানার বিআরএস ও দিল্লির শাসক দল আম আদমি পার্টি।