
পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর এই প্রথম ভারতে আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি সাংফু। সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সদস্যভুক্ত দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন তিনি। আগামী বৃহস্পতি ও শুক্রবার সেই সম্মেলনের ফাঁকে লি সাংফুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল মঙ্গলবার চীন ও ভারত দুই দেশ থেকেই এ বৈঠকের কথা জানানো হয়েছে।
সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। তাঁর সঙ্গেও রাজনাথ সিং দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় বসবেন। রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তা এড়িয়ে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই মন্ত্রীর কথা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।
পূর্ব লাদাখের গালওয়ানে ভারত–চীন সেনা সংঘর্ষ হয়েছিল ২০২০ সালের জুনে। তারপর এই প্রথম চীনের কোনো প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে আসছেন। গালওয়ান সংঘর্ষের পর ওই বছরের সেপ্টেম্বরে মস্কোয় এসসিও সম্মেলন বসেছিল। সেখানে চীনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহের সঙ্গে বৈঠক করেছিলেন রাজনাথ। তারপরই শুরু হয়েছিল পূর্ব লাদাখের বিভিন্ন অঞ্চল থেকে দুই দেশের সেনা সরানোর প্রক্রিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বলা হয়েছে, এবার চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিং লাদাখের পাশাপাশি ডোকলাম ত্রিদেশীয় সীমান্ত ও অরুণাচল প্রদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
এসসিওর সদস্যদেশের মধ্যে ভারত, চীন ও রাশিয়া ছাড়াও রয়েছে পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। পর্যবেক্ষক দেশ হিসেবে রয়েছে বেলারুশ ও ইরান। সূত্রের খবর, পার্শ্ববৈঠকে ইউক্রেন–রাশিয়া যুদ্ধ পরিস্থিতিও আলোচনায় উঠে আসতে পারে।
প্রতিরক্ষামন্ত্রী সম্মেলনের পরই গোয়ায় শুরু হবে এসসিও সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ আমন্ত্রিত হয়েও এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না। সে দেশের গণমাধ্যম বলছে, প্রতিরক্ষামন্ত্রী সম্মেলনে অংশ নেবেন ভার্চ্যুয়ালি। কেন খাওয়াজা আসিফ সশরীর আসছেন না, সেই ব্যাখ্যা পাকিস্তান দেয়নি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির আসন্ন সফর ভারতকে চিন্তায় ফেলেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ইঙ্গিতে অবশ্য বেশ বোঝা যাচ্ছে, বিলাওয়ালের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কোনো পার্শ্ববৈঠকে তিনি বসছেন না। পানামা সফরে থাকা জয়শঙ্কর গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘যে প্রতিবেশী দেশ সন্ত্রাসের আঁতুড়ঘর, সন্ত্রাসীদের মদদদাতা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা খুবই কঠিন। সীমান্ত সন্ত্রাস বন্ধের প্রতিশ্রুতি তারা কবে পালন করবে, ভারত সেই অপেক্ষায় রয়েছে।’
স্পষ্ট বোঝা যাচ্ছে, ২০১৪ সাল থেকে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক যেমন বন্ধ রয়েছে, তেমনই থাকবে। এসসিওর বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় ভারত এখনো আগ্রহী নয়। বিলাওয়ালকে বাড়তি কোনো গুরুত্ব দিতেও ভারত রাজি নয়। এর প্রধান কারণ, গত ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তাঁর মন্তব্য। শালীনতার সীমা লঙ্ঘন করে সেখানে তিনি বলেছিলেন, ‘ওসামা বিন লাদেন নিহত। কিন্তু গুজরাটের কসাই এখনো বেঁচে আছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’