মশারিতে পুরো শরীর ঢেকে ‘ডিউটিতে’ নিরাপত্তা প্রহরী

মশারির ভেতর বসে আছেন এক নিরাপত্তা প্রহরী
ছবি: সুরজ কুমার বৌদ্ধের এক্স অ্যাকাউন্ট থেকে

ভারতের হায়দরাবাদে একটি আবাসিক এলাকায় একজন নিরাপত্তা প্রহরীকে মশারি দিয়ে আপাদমস্তক ঢেকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

মশার হাত থেকে বাঁচতে এভাবে তাঁর দায়িত্ব পালনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে রাতের পালায় কাজ করা নিরাপত্তা প্রহরীদের অবস্থা শোচনীয়।

সুরজ কুমার বৌদ্ধ নামে এক ব্যক্তি তাঁর এক্স অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, একজন নিরাপত্তারক্ষী রাতের পালায় দায়িত্ব পালনের সময় নিজেকে মশারিতে আপাদমস্তক ঢেকে একটি চেয়ারে বসে আছেন।

যখন প্রহরী জেগে থেকে দায়িত্ব পালন করছিলেন, তখন একজন নারীকে তাঁর সঙ্গে কথা বলতে শোনা যায়।

ভিডিওটি শেয়ার করে সুরজ কুমার বলেন, ওই নিরাপত্তা প্রহরী রাতে মশারির ভেতরে বসে দায়িত্ব পালন করছেন। তিনি প্রশ্ন তোলেন, প্রহরীদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক বসার জায়গার ব্যবস্থা করা কি যায় না, যখন ওই আবাসিক এলাকার বাসিন্দারা নিরাপদে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে ঘুমাচ্ছেন।

সুরজ কুমার আরও বলেন, মূল সমস্যা হলো মানুষের মধ্যে সহানুভূতির অভাব। এখন মানুষ দরিদ্রদের দুর্দশার প্রতি আগের মতো সংবেদনশীল নয় বলে মনে করেন তিনি।

সুরজ কুমারের ভিডিওটি দ্রুত নানা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ভিডিও আবাসিক সোসাইটিগুলোতে কর্মরত নিরাপত্তা প্রহরীদের পরিস্থিতির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং বিতর্কের জন্ম দেয়।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, এটা ‘ডিউটি’ নয়, এটা সরাসরি আধুনিক দাসত্ব, শুধু একটু ঘুরিয়ে করা হয়েছে।

আরেকজন ব্যবহারকারী লেখেন, ‘এই ছবিটা সত্যিই হৃদয়বিদারক।’

আরেকজন লিখেছেন, এই নিরাপত্তা প্রহরীরাই এক একটি আবাসিক এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকেন। অথচ আবাসিক এলাকার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাঁদের সুযোগ-সুবিধার ব্যাপারে একেবারেই উদাসীন।