বিচার বিভাগকে হুমকি দিয়ে সর্বাত্মক আক্রমণের মুখে ভারতের আইনমন্ত্রী

ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু
ছবি: এএনআই

ভারত বিরোধিতার জন্য বিচার বিভাগকে প্রকাশ্যে হুমকি দেওয়ায় সর্বাত্মক আক্রমণের মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। মুম্বাইয়ের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। দেশের তিন শতাধিক আইনজীবী রিজিজুকে খোলা চিঠি পাঠিয়েছেন। এবার তাঁর মন্তব্যের কড়া নিন্দা করে সাবেক আমলারা বলেছেন, ‘আপনি যা করতে চাইছেন, তাতে বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছুই আর অবশিষ্ট থাকবে না। স্বৈরতান্ত্রিকতার পদধ্বনি শোনা যাচ্ছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে সরকারের সঙ্গে বিচার বিভাগের দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে। দেশের সব হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ ও বদলিসংক্রান্ত বিষয়ে যে ব্যবস্থা চালু রয়েছে, যাকে বলা হয় ‘কলেজিয়াম পদ্ধতি’, মোদি সরকারের তা মনঃপূত নয়।

ওই পদ্ধতিতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যাবতীয় নিয়োগ ও বদলির একমাত্র অধিকার বিচারপতিদেরই। সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। কলেজিয়ামের সুপারিশ অনুযায়ীই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়।

কোনো কোনো নামে সরকার আপত্তি জানাতে পারে। কিন্তু কলেজিয়াম সেই নামই পুনর্বিবেচিত করে পাঠালে তা অস্বীকারের কোনো উপায় সরকারের নেই। নিযুক্তিতে সম্মতি দেওয়া অনির্দিষ্টকাল ঠেকিয়ে রাখা যেতে পারে, কিন্তু খারিজ করা যায় না।

সরকার চাইছে ওই নিয়োগব্যবস্থার অংশ হতে। সুপ্রিম কোর্ট তাতে দৃঢ়ভাবে আপত্তি জানিয়ে চলেছেন। এই টানাপোড়েন সৃষ্টি করেছে বিতর্ক। সেই বিতর্ককে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আইনমন্ত্রী রিজিজুর সাম্প্রতিক কালের বিভিন্ন মন্তব্য।

মোদি সরকারের বহু সিদ্ধান্ত বাধা পাচ্ছে বিচার বিভাগের কাছে। তা নিয়ে সরকার, শাসক দল ও আইনসভার দুই কক্ষের স্পিকারদের সঙ্গে বিচার বিভাগের সংঘাতও বেড়ে চলেছে। ‘পেগাসাস’ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকার মানতে চায়নি। ফোনে আড়িপাতার তদন্তে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে সরকার সহযোগিতা করেনি। আদানি–কাণ্ডে তদন্ত কমিটি গঠনের বিরোধিতা করেছে। ঘৃণা ভাষণসংক্রান্ত মামলায় সরকারের উদাসীনতা নিয়ে কঠোর প্রশ্ন তোলায় সুপ্রিম কোর্টের ওপর সরকার ক্ষুব্ধ হয়েছে।

দেশদ্রোহ আইন প্রয়োগের বাড়াবাড়ি নিয়ে সমালোচনা পছন্দ করেনি। শুধু বিচার বিভাগকে আক্রমণই নয়, আইনমন্ত্রী এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সংবিধানের মূল কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, সংবিধানের মূল কাঠামোও পরিবর্তন করা যেতে পারে আইনসভা (পার্লামেন্ট) যদি চায়। কারণ, দেশের সংবিধান নয়, সংসদই সবার ওপরে।

বিচার বিভাগের উপর ক্রমেই বেড়ে চলা অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটিয়ে সম্প্রতি আইনমন্ত্রী যা বলেছেন, এ মুহূর্তে তা বিতর্কের শীর্ষে। মুম্বাই আইনজীবীদের সংগঠন, দেশের তিন শতাধিক আইনজীবী ও সাবেক আমলারা সার্বিকভাবে এর প্রতিবাদ জানিয়ে রিজিজুকে কোণঠাসা করতে নেমেছেন।

দিল্লিতে এক গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ১৮ মার্চ কিরেন রিজিজু বিচার বিভাগকে হুমকি দিয়ে বলেন, ‘কিছু সাবেক বিচারপতি আন্দোলনকারী হয়ে উঠেছেন। তাঁরা ভারতবিরোধী গ্যাংয়ের অংশ হয়ে গিয়েছেন। তাঁরা চাইছেন বিচার বিভাগকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে, যাতে তা সরকারবিরোধী হয়ে ওঠে।’ রিজিজু বলেছিলেন, ‘এই টুকরে টুকরে গ্যাংয়ের হাতে আমরা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা নষ্ট হতে দেব না।’

রীতিমতো হুমকির সঙ্গে আইনমন্ত্রী বলেছিলেন, ‘তাঁরা যে ভাষায় কথা বলছেন, দেশবিরোধী বিদেশি শক্তিও সেই ভাষা ব্যবহার করছে।’ তিনি বলেছিলেন, ‘দেশের বিরোধিতা যারা করবে, প্রত্যেককেই তার দাম দিতে হবে। কেউ বাঁচবে না।’

সংবিধানের মূল কাঠামো ও কলেজিয়াম পদ্ধতি নিয়ে ধনখড় ও রিজিজুর মন্তব্যের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ‘বম্বে লইয়ার্স অ্যাসোসিয়েশন’। সেই আবেদন খারিজ হওয়ায় আবেদনকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, এই সাংবিধানিক পদাধিকারীরা পদে থাকার অযোগ্য। কারণ, তাঁরা সংবিধানের প্রতি বিশ্বস্ত নন, সুপ্রিম কোর্টের মতো সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করে চলেছেন ও আইনকে অশ্রদ্ধা করছেন।

সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ৩২৪ জন আইনজীবী ২৯ মার্চ রিজিজুকে এক খোলা চিঠি লেখেন। তাতে তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করে তাঁরা বলেন, অবিলম্বে ওই উক্তি প্রত্যাহার করা উচিত। আইনের শাসন কায়েম করতে যাঁরা সারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া বুঝিয়ে দিচ্ছে, এ দেশের রাজনীতি কোন তলানিতে গিয়ে ঠেকেছে।

আইনমন্ত্রীকে আইনজীবীরা এ কথাও মনে করিয়ে দিয়েছেন, রাষ্ট্র ও সরকার এক নয়। সরকারের সমালোচনার অর্থ দেশ বা রাষ্ট্রের সমালোচনা নয়। সরকার ও দেশ আলাদা। সরকারের সমালোচনা করা গণতন্ত্রের ধর্ম। সেটা দেশবিরোধিতা নয়। সমালোচনাকারী দেশপ্রেমিক নয়, এ ধারণাটাই ভুল।

রিজিজুকে একই ধরনের চিঠি গত বৃহস্পতিবার লিখেছেন ৯০ জন সাবেক আমলা। তাঁরা বলেছেন, ‘অনেক দিন ধরেই আপনি বিচার বিভাগের বিরুদ্ধে নানান মন্তব্য করে চলেছেন। কিন্তু ১৮ মার্চ যা বলেছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সুপ্রিম কোর্ট, কলেজিয়াম ব্যবস্থা ও সার্বিকভাবে বিচার বিভাগের বিরুদ্ধে সরকার সর্বাত্মক আক্রমণ শুরু করেছে।’

‘কনস্টিটিউশনাল কন্ডাক্ট গ্রুপ’–এর পক্ষে সাবেক আমলারা ওই চিঠিতে লিখেছেন, কলেজিয়ামের পাঠানো নাম অনুমোদন না করে দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে। অনুমোদন ছাড়াই নামের তালিকা ফেরত পাঠানো হচ্ছে। সুপ্রিম কোর্টের সঙ্গে সহযোগিতা না করে আপনি ও উপরাষ্ট্রপতি বিষোদ্‌গার করছেন। কঠোর ভাষায় সুপ্রিম কোর্টের সমালোচনা করছেন। অথচ মুখে বলছেন কোনো সংঘাত নেই। এ আচরণ সবাইকে বিভ্রান্ত করছে।

মানুষ বেশ বুঝতে পারছে, সংঘাত রয়েছে। আইনজীবীদের মতো এই সাবেক আমলারাও আইনমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, দেশ ও সরকার এক নয়। সরকারের সমালোচনা কিছুতেই দেশের সমালোচনা হতে পারে না। আইনমন্ত্রীকে তাঁরা বলেছেন, মূল্য চোকানোর হুমকি দেওয়ার মধ্য দিয়ে স্বৈরতান্ত্রিকতার পদধ্বনি শুনিয়েছেন। নিজেকে ওই উচ্চ পদের অযোগ্য প্রমাণ করেছেন।