
কংগ্রেস নেতা এবং প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিতর্কের প্রস্তাব দেন তিন বিশিষ্টজন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উন্মুক্ত বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত শনিবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদিও এ আমন্ত্রণ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদী। তবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা তাৎক্ষণিক তা নাকচ করে দিয়েছেন। তাঁদের প্রশ্ন, রাহুল কি কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী?
অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর, অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান অজিত পি শাহ এবং জ্যেষ্ঠ সাংবাদিক এন রামের দেওয়া চিঠির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল এ সিদ্ধান্তের কথা জানান।
সপ্তাহের শুরুতে এই তিন বিশিষ্টজন কংগ্রেস নেতা এবং প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান। দেশের নেতাদের উদ্দেশে লেখা চিঠিতে তাঁরা বলেন, এ বিতর্ক অরাজনৈতিক এবং প্রত্যেক নাগরিকের বৃহত্তর স্বার্থে তাঁরা এই বিতর্কের প্রস্তাব দিয়েছেন।
রাহুল গান্ধী বলেন, সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য একই প্ল্যাটফর্ম থেকে দেশ নিয়ে নিজেদের রূপকল্প উপস্থাপনে বড় দলগুলোর জন্য এটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তিনি বলেন, জনগণ আশা করে মোদিও এই বিতর্কে অংশ নেবেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বা তিনি নিজে এই বিতর্কে অংশ নিতে পারলে খুশি হবেন জানিয়ে রাহুল বলেন, ‘এ আমন্ত্রণ নিয়ে তিনি খাড়গের সঙ্গে আলাপ করেছেন। দুজন একমত হয়েছেন, দেশ নিয়ে আমাদের রূপকল্পের বিষয়ে ধারণা পেতে এ ধরনের বিতর্ক জনগণকে সাহায্য করবে এবং জানাশোনার ভিত্তিতে নিজেদের পছন্দ বাছাইয়ে সাহায্য করবে।’
সাবেক কংগ্রেস সভাপতি আরও বলেন, ফলপ্রসূ ও ঐতিহাসিক এই বিতর্কের জন্য তিনি মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘আমাদের জানান প্রধানমন্ত্রী এ বিতর্কে অংশ নিতে সম্মত কি না এবং কখন অংশ নেবেন। এরপর আমরা বিতর্কের বিস্তারিত এবং এর ধরন নিয়ে আলোচনা করতে পারি।’
তবে রাহুলের বক্তব্যে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেজস্বী সূর্যসহ বিজেপির কয়েকজন নেতা। তেজস্বী বলেন, তিনি (রাহুল) ইন্ডিয়া জোটের তো দূরের কথা, কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থীও নন।
রাহুলের উদ্দেশে বিজেপির এই নেতা আরও বলেন, ‘আগে তিনি নিজেকে কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করুন, দলের পরাজয়ের দায় নেবেন, সেটা বলুন। এরপর প্রধানমন্ত্রীকে বিতর্কের জন্য আমন্ত্রণ জানান।’
এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারে শনিবার বিরোধীদলীয় নেতা খাড়গের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। গতকাল রোববার কংগ্রেস নেতারা এ অভিযোগ করেন। খাড়গে বিহারের সমস্তিপুর ও মুজাফফরপুরে শনিবার পরপর দুটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।