
ভারতের কেরালা, আসাম রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিটি আসনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আগামী ৪ মে এসব আসনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আসামে সর্বোচ্চ ৮৪ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে। পদুচেরিতে ভোট পড়েছে ৮৬ দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে কেরালায় ভোট পড়ার হার ছিল ৭৫ দশমিক শূন্য ১ শতাংশ।
কেরালার ১৪০টি আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ), কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএর মধ্যে। রাজ্যটিতে এবার ভোটার সংখ্যা ২ কোটি ৭১ লাখ। প্রার্থী ৮৮৩ জন।
আসামে আজ ১২৬টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ টানা তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে লড়ছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন জোট, যার সঙ্গী হিসেবে রয়েছে রাইজর দল ও সিপিআই (এম)। ভোটার সংখ্যা ২ কোটি ৫০ লাখের বেশি। প্রার্থী ৭২২ জন।
পদুচেরির ৩০টি বিধানসভা আসনে এবার ভোটার ছিলেন ১০ লাখ ১৪ হাজার ৭০ জন। বিধানসভা নির্বাচনের পাশাপাশি আজ নাগাল্যান্ড, কর্ণাটক ও ত্রিপুরার কয়েকটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নাগাল্যান্ডের করিডাং আসনে আজ উপনির্বাচন হয়েছে। কারণ, সেখানে বিজেপির বিধায়ক ইমকং এল ইমচেন মারা গেছেন। কর্ণাটকের বাগলকোট ও দেবনাগিরি সাউথ আসনেও কংগ্রেসের দুই প্রবীণ বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তা ছাড়া উত্তর ত্রিপুরার ধর্মনগর আসনে বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে আজ ভোটাররা তাঁদের নতুন প্রতিনিধি বেছে নেওয়ার ভোটে অংশ নেন।