
বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার ভারতের কলকাতায় ধর্মতলার রেড রোডে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিবছর কলকাতার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় কলকাতার ধর্মতলার রেড রোডে। সেখানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন মমতা। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মমতা বলেন, ‘সবাই শান্তিতে থাকুন। যাঁরা দেশ ভাগ করতে চাইছেন, তাঁদের পরিণতি ভালো হবে না। কারও প্ররোচনায় আপনার পা দেবেন না।’
বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, ‘বাংলায় যাতে অশান্তি হয়, তার প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। কোনোক্রমে আমরা এই বাংলায় অশান্তি বরদাস্ত করব না। আমরা মাথা নোয়াব না। বরং মাথা উঁচু করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে যাব।’
অনুষ্ঠানে মমতা আরও বলেন, ‘গণতন্ত্র চলে গেলে সব শেষ। আজ ওরা সংবিধান, ইতিহাস পাল্টাতে চাইছে। এনআরসি কোন রাজ্যে কার্যকর করবে জানি না। তবে এই বাংলায় এনআরসি হবে না। এক বছর পর এই রাজ্যেও লোকসভার নির্বাচন। ক্ষমতায় কারা যাবে, তার নির্বাচন। আপনারা কাকে ভোট দেবেন ঠিক করে নিন। আমরা লড়াইতে আছি। জনগণ আমাদের পাশে আছেন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সঙ্গে আছি লড়াইতে, থাকব লড়াইতে। ভয় পাই না।’
মমতা বলেন, ‘বিজেপি বিভেদের রাজনীতি করে। সেটা লক্ষ্য করে এবার আপনারা এক হোন। ভোট দিয়ে কেন্দ্রের সরকার বদল করুন। আমরা সবাই একসঙ্গে থাকলে ওদের চেয়ার নড়ে যাবে।’
ঈদের অনুষ্ঠানে আরও যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
রেড রোড ছাড়া কলকাতায় পার্ক সার্কাস ময়দান, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, এন্টালি, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোডসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে।