ডিএমকের প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের দলের নির্বাচনী শোভাযাত্রা। চেন্নাইয়ে ১৭ এপ্রিল
ডিএমকের প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের দলের নির্বাচনী শোভাযাত্রা। চেন্নাইয়ে ১৭ এপ্রিল

এপির বিশ্লেষণ

ভারতের দক্ষিণাঞ্চলের মানুষের কেন মোদির প্রতি আগ্রহ নেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ বছর আগে ক্ষমতায় আসার পর দেশের রাজনীতিতে অনেকটা একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। তবে একটা জায়গায় ব্যতিক্রম রয়ে গেছে। দেশের সম্পদশালী দক্ষিণাঞ্চলের মানুষকে জয় করতে তিনি ব্যর্থ হয়েছেন।

ভারতের দক্ষিণাঞ্চলীয় পাঁচ রাজ্যে দেশের মোট জনসংখ্যা প্রায় ২০ শতাংশ বসবাস করে। তবে অর্থনীতির ৩০ শতাংশ হিস্যা নিয়ন্ত্রণ করে এই অঞ্চলের মানুষ। তারা ভারতের উৎপাদন ও উচ্চ প্রযুক্তি খাতের হৃৎস্পন্দন। এই অঞ্চলে জাতিগত বৈচিত্র্য রয়েছে, রয়েছে ভাষাগত বৈচিত্র্যও। এই অঞ্চলে শিক্ষাগত দিক থেকে নারীর ক্ষমতায়ন লক্ষণীয়। নারীদের কর্মসংস্থানের অবারিত সুযোগ রয়েছে। আর রয়েছে এই অঞ্চলের প্রগতিশীল রাজনীতির দীর্ঘ ইতিহাস।

এই অঞ্চলের কোনো রাজ্য মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিয়ন্ত্রিত নয়। হিন্দু জাতীয়তাবাদী অ্যাজেন্ডাকে এই অঞ্চলের মানুষ প্রত্যাখ্যান করে চলেছে। বিপরীত চিত্র দেশের উত্তরাঞ্চলে। এই অঞ্চল বিজেপির একচ্ছত্র আধিপত্য। তাদের প্রতি মানুষের রয়েছে বিপুল সমর্থন।

নির্বাচনের সময়সূচি ঘোষণার পর ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল, বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি। তবে দক্ষিণে প্রবল বিরোধিতার মুখে পড়বেন তিনি—এটা অনেকটা পরিষ্কার। পুরো ভারতকে তাঁর পেছনে ঐক্যবদ্ধ করার মোদির উচ্চাকাঙ্ক্ষা এই অঞ্চলে হোঁচট খেয়েছে বারবার। এক ধর্ম আর এক ভাষাকে নিয়ে এগিয়ে যাওয়ার মোদির অ্যাজেন্ডাকে দক্ষিণের মানুষ প্রত্যাখ্যান করে চলেছে।

রাজনৈতিক বিশ্লেষক নীলকান্ত আরএস বলেন, ‘আপনি যদি হিন্দি ধারণ করেন, তাহলে একীভূত সভ্যতাকে আপনার অস্তিত্বের কারণ হিসেবে যে কল্পনা করেন, সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়াবে।’

ভারতের দক্ষিণাঞ্চলের ভোটার ও নেতাদের চাওয়া-পাওয়া উত্তরাঞ্চলের মানুষের চেয়ে ভিন্ন। উত্তরাঞ্চল অনেক বেশি গ্রামীণ ও জনবসতিপূর্ণ। দক্ষিণের মানুষ মোদি সরকারের কাছ থেকে একটি স্বীকৃতি চায় যে তাদের অর্থনীতির উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দক্ষিণের শহর চেন্নাইয়ে নির্বাচনী সমাবেশে বিজেপির নির্বাচনী প্রতীক হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ এপ্রিল

দক্ষিণের মানুষ মনে করে, ভারতের রাজস্ব খাতে তাদের অবদানকে মোদি সরকার গুরুত্ব দিয়ে দেখছে না। তিনি বরং উত্তরের দরিদ্র অঞ্চলকে তাদের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। উন্নয়ন প্রকল্প ও সামাজিক কল্যাণ কর্মসূচিতে মোদি সরকার বৈষম্যমূলকভাবে তহবিল বরাদ্দ দিচ্ছে।

রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকিয়ে মোদি উত্তরের সঙ্গে দক্ষিণের ভোটারদের মধ্যে একধরনের উত্তেজনা তৈরি করছেন।

প্রবল বিরোধিতা সত্ত্বেও নরেন্দ্র মোদি দক্ষিণে আগ্রাসী নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তাঁর লক্ষ্য পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিজেপির জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন।

রাজনৈতিক বিশ্লেষক কবিতা মুরালিধরন বলেন, তাঁর দল এমন সংখ্যাগরিষ্ঠতা পেলে তাঁর সরকার হিন্দুকেন্দ্রিক সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সুযোগ পাবে।

মোদির শতাব্দীপ্রাচীন আদর্শের উল্লেখ করে মুরালিধরন বলেন, ভারতজুড়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে মোদির দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দরকার।

দক্ষিণের জন্য মোদির কৌশল

নরেন্দ্র মোদি চলতি বছর দক্ষিণের পাঁচ রাজ্য—অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় ২০ দফা সফর করেছেন। লোকসভার ৫৪৩ আসনের প্রায় এক-চতুর্থাংশ এই পাঁচ রাজ্যে। এসব রাজ্য যদি এবার ২৯ আসনের কিছু বেশি আসন জিততে পারে, তাহলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন তাদের জন্য সহজ হয়ে যাবে। ২৯ আসনের কথা এ জন্য বলা হচ্ছে, ২০১৯ সালের নির্বাচনে এই পাঁচ রাজ্য থেকে বিজেপি ২৯ আসন জিতেছিল।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা দক্ষিণাঞ্চল থেকে বিজেপির এত আসন পাওয়ার ব্যাপারে সন্দিহান। কারণ, এই অঞ্চলের আঞ্চলিক দলগুলোর সঙ্গে মানুষের সংযোগটা বেশি। কয়েক দশক ধরে আঞ্চলিক দলগুলোই এখানে আধিপত্য বজায় রেখেছে। তা ছাড়া দেশজুড়ে এবার বিজেপিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে।
মোদি এবার দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুর দিকে বেশ মনোযোগ দিচ্ছেন। ২০১৯ সালের নির্বাচনে এই রাজ্যে ৩৯ আসনের একটিও জেতেনি বিজেপি। সম্প্রতি মোদি এই অঞ্চল সফরে এসে এখানকার ঐতিহ্যবাহী পোশাক পরে মঞ্চে উঠেছেন। তাঁর বক্তব্য যাতে হিন্দি থেকে তাৎক্ষণিক তামিল ভাষায় অনুবাদ হয়, সে জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে।

বিজেপি এই রাজ্যে হিন্দিকে সরকারি ভাষা করতে চায়, এমন একটা গুজব ছড়িয়ে পড়েছে। সেই বিষয়টি মাথায় রেখে বোধ হয় মোদি সম্প্রতি তাঁর বক্তৃতায় বলেছেন, ‘বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা হিসেবে তামিল আমাদের জন্য অনেক গর্বের এক ভাষা।’

এত কিছুর পরও বেঙ্গালুরুর প্রকৌশলী দিলীপ কুমারের মতো ভোটাররা বলছেন, তামিলনাড়ুর ভোটাররা এখনো বেশ সতর্ক। দিলীপ বলেন, ‘আমি গিয়ে কোনো হিন্দিভাষী ব্যক্তিকে বলতে পারব না, ভাই, আপনি হিন্দি ছাড়ুন এবং তামিল ভাষায় কথা বলুন। এটি কোনো কাজ করবে না।’

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একটি আসনে বিজেপির প্রার্থী মনে করেন, গত কয়েক বছরে রাজ্যে বিজেপি সরকার এমন কাজ করেছে, যাতে এবার তাদের দলের প্রতি জনসমর্থন বাড়বে।

বিজেপির ওই প্রার্থী তামিলিসাই সুন্দরারাজন বলেন, ‘তাঁর (মোদির) ঘন ঘন রাজ্য সফর আমাদের সহায়তা করছে। এখানকার মানুষ প্রধানমন্ত্রীকে দেখে রোমাঞ্চিত।’
তবে দ্রাবিড় মুনেত্রা কাজাগাম দলের (ডিএমকে) নেতা, সাবেক অধ্যাপক ও এই আসনের বর্তমান সংসদ সদস্য থামিজাচি থাঙ্গাপান্ডিয়ান (সুমতি নামে পরিচিত) বিজেপির জনসমর্থন বৃদ্ধির বিষয়ে একেবারেই একমত নন। তিনি বলেন, হিন্দুকেন্দ্রিক রাজনীতি এখানে অনুরণিত হবে না। এই রাজ্যে সামাজিক ন্যায়বিচার ও সমঅধিকার আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে।

খোলা টুক-টুকে চড়ে সম্প্রতি এই নারী সংসদ সদস্য যখন ভোটের প্রচারে চেন্নাইয়ের অলিগলি ঘুরছিলেন, তখন ঢাকঢোল পিটিয়ে আর আতশবাজি করে তাঁকে স্বাগত জানাচ্ছিলেন সমর্থকেরা। বিজেপির ‘ধর্মীয় উন্মাদনা’-সহ কিছু বিষয় থেকে নিজেদের দূরে রেখে সুমতির দল এই রাজ্যের মানুষের মধ্যে একটা অবস্থান তৈরি করেছে।
ভারতের দক্ষিণাঞ্চলে এমন বেশ কিছু মন্দির রয়েছে, যেগুলোতে দেশের সবচেয়ে বেশি পুণ্যার্থীর আগমন ঘটে। প্রতিবছর এই অঞ্চলে লাখ লাখ পুণ্যার্থী আসেন। বিশেষজ্ঞরা বলছেন, এরপরও এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এখানে ধর্মকে ব্যবহার করা হয় না।

রাজনৈতিক বিশ্লেষক মুরালিধরন বলছিলেন, ‘এই অঞ্চলের মানুষ ধার্মিক। কিন্তু তাদের এই ধর্মীয় আচার-আচরণ কখনো উন্মত্ততায় রূপ নেয় না।’

কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তৃতা করছেন। ৮ ফেব্রুয়ারি, নয়াদিল্লি

চেন্নাইয়ের রোবোটিক উদ্যোক্তা সুন্দরারাজন বলছিলেন, বিজেপির ধর্মান্ধতা এই অঞ্চলের নেতাদের ভীত করে তোলে। কারণ, বিজেপির রাজনীতি এখানে ‘শান্তি বিনষ্ট’ করতে পারে। বিশ্বে ব্যবসার জন্য ভালো জায়গা হিসেবে দক্ষিণ ভারতের একটা সুনাম রয়েছে।

সুন্দরারাজন বলছিলেন, বিনিয়োগকারীরা তামিলনাড়ুকে বিনিয়োগের জন্য পছন্দ করেন। কারণ, এই রাজ্য শান্তিপূর্ণ, এখানে ব্যাপক শিক্ষিত শ্রমশক্তি রয়েছে। স্থানীয় সরকারও ব্যবসা-বিনিয়োগে সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে।

দক্ষিণের রাজ্য সফরকালে মোদি তাঁর হিন্দু জাতীয়তাবাদী মনোভাবের কথা বারবার তুলে ধরেছেন। বক্তৃতায় তিনি অর্থনীতির চেয়ে ধর্মের কথাকে বেশি গুরুত্ব দিয়েছেন।

সম্পদের পুনর্বণ্টন নিয়ে উত্তেজনা

ভারতের উত্তরাঞ্চলের চেয়ে দক্ষিণাঞ্চলে অনেক বেশি শিল্পায়ন হয়েছে। এখানকার শহরগুলো অনেক বেশি মার্জিত এবং তরুণসমাজ অনেক বেশি শিক্ষিত।  
চীনের পর ভারতের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো অ্যাপল, গুগলসহ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ভারতের অর্থনীতির এই বিপুল সম্ভাবনা মোদির জন্য গর্বের। প্রসঙ্গত, ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ।

কিন্তু এই অঞ্চলের জন্য মোদির কম তহবিল বরাদ্দ নিয়ে দক্ষিণের রাজনীতিকেরা নিজেদের প্রতারিত অনুভব করেন।

তামিলনাড়ু হচ্ছে ভারতের দ্বিতীয় ধনী রাজ্য। কিন্তু কোটি কোটি রুপি আয়কর দেওয়ার পরও উত্তর প্রদেশ বা বিহারের মতো দরিদ্র রাজ্যের তুলনায় খুব কম বিনিময় ফেরত পায় এই রাজ্য। তামিলনাড়ুর তুলনায় ওই সব রাজ্য দুই-তিন গুণ বেশি সরকারি বিনিয়োগ পায়।  

দক্ষিণ থেকে উত্তরে সম্পদ পুনর্বণ্টন নিয়ে আগে থেকেই একধরনের উত্তেজনা-অসন্তোষ রয়েছে। তবে মোদি ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
মুরালিধরন বলেন, দক্ষিণাঞ্চলের নেতারা মনে করেন, মোদির আগ্রহ-গুরুত্ব উত্তরে নিহিত। সেখানেই তাঁর বিপুল জনসমর্থন রয়েছে। তাঁদের আশঙ্কা, বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় এলে এসব রাজ্যের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংকুচিত করে কেন্দ্রের হাতে নিয়ে যাবে।

দক্ষিণাঞ্চলের নেতারা উন্নয়ন তহবিল ধরে রাখা, রাজনৈতিক বিরোধীদের কোণঠাসা করতে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার এবং প্রাকৃতিক দুর্যোগের পর যথেষ্ট পরিমাণ জরুরি ত্রাণ না পাঠানোয় মোদি সরকারের সমালোচনা করেছেন। তাঁর বিরোধিতা করেছেন।
দক্ষিণের নেতারা বলেন, বিজেপি ও মোদির বিরুদ্ধে তাঁদের এই লড়াই চলতেই থাকবে।
রাজনৈতিক বিশ্লেষক নীলকান্ত বলেন, ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোর ক্ষমতা কমানোর চেষ্টা বা কেন্দ্রের হাতে ক্ষমতা নেওয়ার চেষ্টা মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।