জোট গঠনের লড়াইয়ে কংগ্রেস-বিজেপি, ১৮ জুলাই ঘিরে আগ্রহ

কংগ্রেস ও বিজেপির পতাকা
কংগ্রেস ও বিজেপির পতাকা

বিজেপি সরকারবিরোধী জোট মজবুত করতে অসুস্থতা উপেক্ষা করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বেঙ্গালুরুতে যাচ্ছেন। বৈঠকের আগের দিন ১৭ জুলাই বিরোধী নেতা-নেত্রীদের তিনি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন।

বিরোধীদের প্রথম বৈঠক হয়েছিল বিহারের রাজধানী পাটনায় গত ২৩ জুন। বেঙ্গালুরু বৈঠকে বিজেপিবিরোধী সর্বাত্মক কর্মসূচি চূড়ান্ত করার চেষ্টা হবে বলে কংগ্রেস সূত্র বলছে।

পাটনা বৈঠকে উপস্থিত ছিলেন ১৭ দলের নেতা-নেত্রীরা। বেঙ্গালুরুতে ২৪টি দল উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সব দলের নেতাদের চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, আমন্ত্রণ জানানো হয়েছে আম আদমি পার্টিকেও (আপ)।

দিল্লির প্রশাসনিক ক্ষমতা হাতে রাখতে কেন্দ্রীয় সরকারের জারি করা অধ্যাদেশের বিরোধিতার প্রশ্নে কংগ্রেসের সঙ্গে আপ নেতৃত্বের টানাপোড়েন চলছে। কংগ্রেস সমর্থনের প্রতিশ্রুতি না দিলে অরবিন্দ কেজরিওয়াল পরবর্তী বৈঠকে আসবেন না বলেও জানিয়েছিলেন। কংগ্রেস এখনো কিছু বলেনি। তাদের বক্তব্য, সংসদীয় কৌশল সংসদীয় স্তরে বৈঠক করে নেওয়া হবে।

পাটনা বৈঠকে অসুস্থ শরীর নিয়েও উপস্থিত ছিলেন আরজেডি নেতা লালু প্রসাদ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বেঙ্গালুরুতেও উপস্থিত থাকার চেষ্টা করবেন।

বিরোধীদের এই সম্ভাব্য জোট গঠনের প্রচেষ্টার পাশাপাশি বিজেপিও সক্রিয় পুরোনো জোট এনডিএকে নতুনভাবে গড়ে তুলতে। সেই কারণে তারাও ওই একই দিন ১৮ জুলাই দিল্লিতে জোট শরিকদের বৈঠক ডেকেছে। জোট গঠনে দুই পক্ষের পাল্টাপাল্টি উদ্যোগের মধ্যেই ২০ জুলাই শুরু হতে চলেছে ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন।

বেঙ্গালুরু বৈঠকে নতুন যেসব দলের আসার সম্ভাবনা উজ্জ্বল, তাদের মধ্যে রয়েছে তামিলনাড়ুর এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আইইউএমএল এবং কেরালা কংগ্রেসের দুই গোষ্ঠী জোসেফ ও মানি। তাদের মধ্যে এমডিএমকে ও কেডিএমকে ২০১৪ সালের নির্বাচনে বিজেপির শরিক ছিল।

পাটনা ও বেঙ্গালুরুর বৈঠকের মধ্যবর্তী সময়ে ভারতীয় জোট রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছে। মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙন ধরেছে। অজিত পাওয়ারের নেতৃত্বে দলের বড় অংশ যোগ দিয়েছে বিজেপি-শিবসেনার (শিন্ডে) জোট সরকারে। এরই পাশাপাশি পুরোনো জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) জোরদার করতে বিজেপি গা ঝাড়া দিয়ে উঠেছে।

২০১৯ সালের লোকসভা ভোটের পর উপেক্ষিত হয়ে যে শরিকেরা সরে গিয়েছিল, বিজেপি তাদের ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছে। বিজেপির বোধোদয়, এনডিএকে পুনরুজ্জীবিত না করে ২০২৪ সালের লোকসভা ভোটে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

কর্ণাটক ভোটে ভরাডুবির পর সেই শঙ্কা থেকে বিজেপি জোর দিয়েছে নতুনভাবে এনডিএ গড়ে তুলতে। শিবসেনা (শিন্ডে) ও এনসিপি (অজিত) গোষ্ঠীকে তারা ১৮ জুলাইয়ের বৈঠকে যোগ দিতে বার্তা পাঠিয়েছে। বিহারের লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান ও সাবেক মুখ্যমন্ত্রী হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) নেতা জিতেনরাম মাজিকে জোটে টেনেছে।

উত্তর প্রদেশে আগে এনডিএ জোটে ছিল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। ভোটের পর বিজেপির ‘উন্নাসিকতা ও অবহেলায়’ বিরক্ত হয়ে তারা দলত্যাগ করে। ওই দলের নেতা ওমপ্রকাশ রাজভরকে নতুন করে জোটে আনা হচ্ছে। আমন্ত্রণ জানানো হয়েছে নিষাদ পার্টিকেও।

উত্তর প্রদেশ ও বিহারের জাতভিত্তিক এসব ছোট দলকে কাছে টেনে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ তত্ত্ব প্রয়োগ করে বিজেপি ২০১৯ সালে বাজিমাত করেছিল। এবার চেষ্টা করছে, পশ্চিম উত্তর প্রদেশের জোট নেতা জয়ন্ত চৌধুরীর দল আরএলডিকে জোটে টানতে।

গত নির্বাচনে আরএলডি ছিল সমাজবাদী পার্টির জোটসঙ্গী। বিজেপি মনে করছে, যৌন হেনস্তার অভিযোগে অভিযোগপত্রভুক্ত কুস্তি ফেডারেশন কর্তা ব্রিজভূষণ শরণ সিংকে সরানো হলে জোটের কেউ কেউ অসন্তুষ্ট হবেন। সেখানে জোট নেতা জয়ন্ত চৌধুরীর সাহচর্য ক্ষতিপূরণে সহায়ক হয়ে উঠবে।

এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়া বড় দলগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাবের শিরোমণি অকালি দল, মহারাষ্ট্রের শিবসেনা (অবিভক্ত), বিহারের জেডি (ইউ) ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম। অকালি দল ও তেলেগু দেশমকে জোটে ফেরাতে বিজেপি কথাবার্তা শুরু করেছে। প্রবলভাবে জোটে আনতে চাইছে কর্ণাটকের সাবেক প্রধানমন্ত্রী দেবেগৌড়ার দল জেডি (এস)-কেও। তা না হলে কর্ণাটকে লোকসভা ভোটেও লোকসান অবধারিত মনে করছে বিজেপি।

তারা আগ্রহ দেখিয়েছে অন্ধ্র প্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের ব্যাপারেও। যদিও মুখ্যমন্ত্রী জগনমোহন এখনো স্পষ্ট কিছু জানাননি।

সংসদ অধিবেশনের ঠিক আগে সেই অর্থে ১৮ জুলাই হতে চলেছে বিজেপি ও বিরোধীদের মধ্যে জোটবদ্ধতার লড়াই। বিজেপির উদ্যোগে দিল্লি নাকি বিরোধীদের উদ্যোগে বেঙ্গালুরু—কোন বৈঠকে কত দল উপস্থিত থাকে, তা আগ্রহ বাড়াচ্ছে। ১৯৯৮ সালে বিজেপির উদ্যোগে ২০টি দল নিয়ে গড়ে উঠেছিল এনডিএ।

পাঁচ বছর নিরুৎসাহিত থাকার পর বিজেপি এবার তার রজতজয়ন্তী উদ্‌যাপন পালনের তাগিদ অনুভব করছে। কোমর কষছে বিরোধীরাও। বেঙ্গালুরুর বৈঠকে বিজেপিবিরোধী দলগুলো যৌথ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে পারে কি না, সেই আগ্রহ বাড়ছে।