কলকাতায় বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের ৬০ মুক্তিযোদ্ধা

গতকাল মঙ্গলবার ফোর্ট উইলিয়ামে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড বরাবরের মতো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫১তম বিজয় উৎসবও যথাযোগ্য মর্যাদায় পালন করবে। এ উপলক্ষে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।

গতকাল মঙ্গলবার দুপুরে পূর্বাঞ্চলীয় কমান্ডের দপ্তরে সেনাবাহিনীর মেজর জেনারেল ডি এস কুশওয়া এক সংবাদ সম্মেলনে বিজয় উৎসবের কর্মসূচি তুলে ধরেন। এতে বলা হয়, এবার কলকাতায় আয়োজিত সেনাবাহিনীর বিজয় উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন ৬০ মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা। যোগ দেবেন ছয়জন উচ্চপদস্থ সেনা ও প্রশাসনিক কর্মকর্তাও।

বিজয় উৎসব চলবে ১৩ থেকে ১৬ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর ঢাকা থেকে আসা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বীরদের সংবর্ধনা দেওয়া হবে। পরদিন ফোর্ট উইলিয়ামের শহীদ স্মারকে পুষ্পমাল্য অর্পণ ও কুচকাওয়াজের মাধ্যমে একাত্তরের বীরদের স্মরণ করা হবে। সন্ধ্যায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আয়োজন করা হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলো ও ধ্বনির বিশেষ প্রদর্শনী।

গতকাল মঙ্গলবার দুপুরে পূর্বাঞ্চলীয় কমান্ডের দপ্তরে সেনাবাহিনীর মেজর জেনারেল ডি এস কুশওয়া এক সংবাদ সম্মেলনে বিজয় উৎসবের কর্মসূচি তুলে ধরেন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস ও একাত্তরের কলম সৈনিক সাংবাদিক দিলীপ চক্রবর্তী।

এই সংবাদ সম্মেলনকে কিছুটা ভিন্নতা দিতে ফোর্ট উইলিয়ামে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।