কর্ণাটকে কংগ্রেস-বিজেপির বিষের রাজনীতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বিষাক্ত সাপ’, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ‘বিষকন্যা’। কংগ্রেস ও বিজেপি দুই দলের এই ‘বিষের রাজনীতিতে’ আচমকাই গমগম করে উঠেছে কর্ণাটকের ভোটের রাজনীতি। এই অবস্থায় আজ শনিবার দুই দিনের সফরে দক্ষিণের এই একমাত্র বিজেপিশাসিত রাজ্যে প্রচারে গেলেন নরেন্দ্র মোদি।

গত বৃহস্পতিবার রাজ্যের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদিকে ‘বিষাক্ত সাপের’ সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এর ঠিক আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, কংগ্রেসকে ভোট দিলে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বেধে যাবে। বিঘ্নিত হবে শান্তি। কংগ্রেসের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদ করে বেঙ্গালুরু পুলিশের কাছে শাহর বিরুদ্ধে এফআইআর করা হয়। নির্বাচন কমিশনেও নালিশ জানিয়ে বলা হয়, অমিত শাহ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যাতে কর্ণাটকে প্রচার করতে না পারেন, সেই ব্যবস্থা করা হোক।

খাড়গের মন্তব্যের সঙ্গে সঙ্গেই বিজেপি খড়্গহস্ত হয়ে ওঠে। কংগ্রেস সভাপতিও কালক্ষেপণ না করে তাঁর করা মন্তব্যের ব্যাখ্যা দেন। বলেন, প্রধানমন্ত্রী নন, বিজেপি-আরএসএসের আদর্শকেই তিনি আক্রমণ করেছেন। বিষাক্ত আদর্শ বলেছেন।

প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেননি। কিন্তু বিজেপি তাতে ভোলেনি। সবকিছু ছাপিয়ে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণই বড় ইস্যু করে তুলেছে। অমিত শাহ গতকাল শুক্রবার জনসভায় বলেছেন, সারা পৃথিবী মোদিকে নিয়ে মোহিত, ভারতের মানসম্মান গোটা বিশ্বে মোদি বাড়িয়ে চলেছেন অথচ কংগ্রেস তাঁকে বিষাক্ত সাপ বলছে। কংগ্রেস যত নিচে নামবে, পদ্মফুল (বিজেপির নির্বাচনী প্রতীক) ততই বেশি ফুটবে।

শুধু জনসভাতেই রাজনৈতিক জবাব নয়, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে খাড়গের বিরুদ্ধে নালিশ জানায়। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তোলে।

এই আবহে সোনিয়াকে লক্ষ্য করে নতুন আক্রমণ শাণিয়েছে বিজেপি। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধুনা কর্ণাটকের বিজেপি বিধায়ক বাসনগৌড়া পাটিল ইয়াতনল সাবেক কংগ্রেস সভানেত্রীকে ‘বিষকন্যা’ আখ্যা দিয়ে গতকাল বলেন, সোনিয়া গান্ধী চীন ও পাকিস্তানের দালাল। তাঁর নির্দেশেই কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর বদনাম করছেন। সোনিয়া ওই দুই দেশের চর। দেশকে তিনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

কংগ্রেস নেতৃত্ব সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানায়। কর্ণাটকের ভারপ্রাপ্ত এআইসিসি নেতা রণদীপ সুরযেওয়ালা বলেন, বাসনগৌড়াকে উচিত এই মুহূর্তে দল থেকে বহিষ্কার করা। অবধারিত হারের মুখে দাঁড়িয়ে বিজেপির কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। হারের ভয়ে তারা প্রলাপ বকছে। সুরযেওয়ালা, বেনুগোপাল ও জয়রাম রমেশের মতো কংগ্রেস নেতারা বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা, পাহাড় প্রমাণ দুর্নীতি ও রাষ্ট্রীয় নেতাদের দুর্নাম করা ছাড়া বিজেপির দেওয়ার কিছু নেই।

বিজেপি মনে করছে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে কংগ্রেস তাদের সুবিধা করে দিল। কারণ, তারা মনে করছে, মোদিকে ব্যক্তিগত আক্রমণ করলে নির্বাচনী রাজনীতিতে অতীতে বিজেপির লাভ হয়েছে। এবারেও হবে। এই কারণে বিজেপির নেতারা অতীতে কংগ্রেস নেতাদের উক্তিগুলো হাতিয়ার করেছেন। যেমন, অমিত শাহ গতকাল প্রচারে বলেছেন, মোদিকে সোনিয়া গান্ধী ‘মওত কা সওদাগর’ বলেছিলেন।

প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘নিচু জাতের লোক’, কংগ্রেসের নেতারা বলেছিলেন ‘মোদির কবর খোঁড়া হচ্ছে’, খাড়গে বললেন ‘বিষাক্ত সাপ’। এত অপমানের জবাব জনগণ দিয়েছে। এবারও দেবে।

খাড়গের উক্তি কংগ্রেসকে কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। সরকারের সর্বস্তরীয় দুর্নীতি, অপশাসন, যৌন কেলেঙ্কারি, টিকিট বিলি নিয়ে অসন্তোষের মধ্যে কংগ্রেস তাদের প্রচার সীমাবদ্ধ রাখতে চাইছে। প্রধানমন্ত্রী মোদিকে প্রাধান্য না দিয়ে আক্রমণের ফলা রাজ্য নেতাদের দিকে তাক করাই কংগ্রেসের লক্ষ্য।

কিন্তু তা কতটা সম্ভবপর হবে, বোঝা যাবে প্রধানমন্ত্রী নিজে প্রচারের অভিমুখ কোন দিকে নিয়ে যান। আজ রাজ্যে তিনি তিনটি জনসভা করবেন। সন্ধ্যায় বেঙ্গালুরুকে হবে তাঁর রোড শো। আগামীকাল রোববার করবেন চারটি জনসভা ও মাইসুরুতে রোড শো। ১০ মে ভোটের আগে আরও দুইবার তাঁর রাজ্যে প্রচারে আসার কথা।