
বিজেপি সরকারের কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো কিরেন রিজিজুকে। আইন প্রতিমন্ত্রী হিসেবে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সংসদীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে। আজ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবন থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এই বদলের কথা জানানো হয়। রিজিজুকে দেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ‘ভূবিজ্ঞান’ মন্ত্রণালয়ের দায়িত্ব।
কিরেন রিজিজু ছিলেন পূর্ণমন্ত্রী। আইন ও বিচার মন্ত্রণালয়ও দীর্ঘদিন ধরে ছিল পূর্ণমন্ত্রীদেরই অধীনে। রাজস্থানের নেতা অর্জুন রাম মেঘওয়াল সংসদীয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। স্বাধীনভাবে তিনি এবার থেকে আইন মন্ত্রণালয়ের কাজও সামলাবেন। এই মন্ত্রণালয়ে কোনো পূর্ণমন্ত্রী থাকছেন না।
আইনমন্ত্রী হিসেবে বেশ কিছুদিন ধরেই রিজিজু খবরের শিরোনামে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রচলিত ‘কলেজিয়াম’ পদ্ধতির (এই পদ্ধতিতে শীর্ষ বিচারপতিরা বিচারপতি নিয়োগ ও বদলি করে থাকেন) প্রকাশ্য সমালোচনা করে তিনি বহু আলোচিত। এমন প্রকাশ্যে দেশের কোনো আইনমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টের ‘কলেজিয়াম’ পদ্ধতির বিরুদ্ধে সরব হননি।
প্রধান বিচারপতির উপস্থিতিতেও ওই পদ্ধতির সমালোচনা করে রিজিজু বলেছেন, বিচারপতি নিয়োগ পদ্ধতিতে সংসদেরও ভূমিকা থাকা দরকার। গত জানুয়ারিতে এই দাবি জানিয়ে তিনি দেশের প্রধান বিচারপতিকে একটি চিঠিও লিখেছিলেন। তাঁর মোদ্দাকথা, যেভাবে সিবিআই, সিভিসির নিয়োগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অংশ নেন, সেভাবে বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও নির্বাচিত সরকারের দিক থেকে কারও থাকা প্রয়োজন।
এই বিতর্ক চলাকালে কিছুদিন আগে রিজিজু কিছু অবসরপ্রাপ্ত বিচারপতির উদ্দেশে বলেন, তাঁরা ভারতবিরোধীদের সমর্থন করেন। ওই বিচারপতিদের নাম না করে তাঁদের ‘টুকরে টুকরে গ্যাং’–এর (যারা ভারতকে টুকরো টুকরো করতে চায়) মদদদাতা উল্লেখ করে তিনি বলেন, ওঁরা দেশকে দুর্বল করছেন।
ওই মন্তব্য করে রিজিজুকে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। বিরোধী নেতারা বলেছিলেন, আইনমন্ত্রী অন্যায় কথাবার্তা বলে বিচার বিভাগকে দুর্বল করতে চাইছেন। বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টায় বিচারপতিদের ভয় দেখাচ্ছেন।
বিচার বিভাগের সঙ্গে কেন্দ্রীয় সরকারের অন্য এক বিরোধও অব্যাহত। সেই বিরোধেও কিরেন রিজিজু বারবার অংশ নিয়ে নানা মন্তব্য করেছেন। বিরোধ সংবিধানের মূল কাঠামো অপরিবর্তিত রাখা নিয়ে। সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছেন, সংবিধানের মূল কাঠামোর কখনো পরিবর্তন করা যাবে না। ওই কাঠামোই দেশের একতা, অখণ্ডতার আধার।
তবে বিজেপি তা মনে করে না। লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মতো আইনমন্ত্রী হিসেবে কিরেন রিজিজুও মনে করেন, সংবিধানের মূল কাঠামো পরিবর্তনযোগ্য কি না, তা বিচার–বিবেচনার যোগ্যতা একমাত্র সংসদেরই রয়েছে। প্রকাশ্যে তাঁরা সবাই এ কথা বলেছেন। এ নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়। রিজিজু সরাসরি সংসদের পক্ষে মতামত দিয়েছিলেন।
অরুণাচল প্রদেশের বিজেপি নেতা কিরেন রিজিজুকে কেন সরানো হলো, তার কোনো ব্যাখ্যা সরকারিভাবে দেওয়া হয়নি। তবে এমন মনে করা হচ্ছে, তাঁর আমলে সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের বেশ কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। মতপার্থক্য বেড়েছে। আস্থার ঘাটতি দেখা গিয়েছে। একাধিক বিষয়ে অনাবশ্যক বিতর্কও সৃষ্টি হয়েছে। সরকার সেই অবস্থা থেকে সরে আসতে চাইছে। রিজিজুর অপসারণ সম্ভবত তারই ইঙ্গিত।