অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয় নাগরিক বালেশ ধানখড়কে পাঁচ কোরিয়ান নারীকে মাদক সেবনের পর ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। সিডনির একটি আদালত গতকাল সোমবার বালেশ ধানখড়কে দোষী সাব্যস্ত করেছেন।
দেশটির সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, বালেশ ধানখড়কে ‘সবচেয়ে খারাপ ধর্ষকদের একজন’ বলে বর্ণনা করেছে দেশটির গণমাধ্যম। আদালত জানিয়েছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত বালেশ ওই নারীদের প্রলুব্ধ করে ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় ধর্ষণ করেছেন।
এই নির্মমতার চিত্র গোপন ক্যামেরায় ধারণ করার অভিযোগও আছে এই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। পাঁচ কোরিয়ান নারীকে মিথ্যার জালে প্রলুব্ধ করে মাদকদ্রব্য দিয়ে তাঁদের পঙ্গু করার অভিযোগও আছে বালেশের বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ায় ডেটাবিশেষজ্ঞ হিসেবে কাজ করেন ৪৩ বছর বয়সী বালেশ ধানখড়। তাঁর বিরুদ্ধে আনা ৩৯টি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী মে মাসে আবার আদালতের মুখোমুখি হতে হবে বালেশকে।
চলতি বছরের শেষ দিকে কয়েক দফা আপিল শেষে বালেশের শাস্তি ঘোষণা করা হবে। বালেশ যেদিন দোষী সাব্যস্ত হয়েছেন, সেদিন আদালতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী। আদালতে তাঁকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন স্ত্রী। আর প্রায়ই কাঁদছিলেন।