
দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি মামলায় (মদ) গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরসহ বিভিন্ন শহরে আজ রোববার অনশন পালন করেন দলটির নেতা–কর্মীরা। অনশনকালে দিল্লির শিক্ষামন্ত্রী অতীশী মারলেনা অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সংস্থাগুলো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনৈতিক হাতিয়ারের মতো কাজ করছে।
গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তাঁকে ১৫ এপ্রিল পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। অর্থ তছরুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হওয়া মামলায় তাঁকে তিহার জেলে থাকতে হচ্ছে।
অতীশী অভিযোগ করেন যে মদ ব্যবসায়ী শরৎ রেড্ডি থেকে শুরু করে বিজেপি পর্যন্ত এই আবগারি কেলেঙ্কারিতে অর্থ লেনদেনে যুক্ত। তিনি বলেন, দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে ভালোবাসেন। তাঁরা তাঁকে মুখ্যমন্ত্রী নয়, নিজের সন্তান বা ভাই হিসেবে মনে করেন। সবাই তাঁর জামিন চান। বিজেপির ইডি বা সিবিআই (ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো) আবগারি দুর্নীতিতে একটি পয়সাও আপ নেতাদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনার যদি কোনো অর্থের লেনদেন হয়ে থাকে, তার সঙ্গে শরৎ রেড্ডি থেকে শুরু করে বিজেপি পর্যন্ত জড়িত।
এএপির এই নেতা প্রশ্ন করে বলেন, অর্থ পাচারে অভিযুক্ত বিজেপির নেতাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো, তার বিস্তারিত জানাতে পারবে?
এর আগে দিল্লির এই মন্ত্রী এক সংবাদ সম্মেলনে জনগণকে সাময়িক অনশনে অংশ নিতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘যাঁরা কেজরিওয়ালকে গ্রেপ্তারের বিপক্ষে, তাঁদের কাছে অনুরোধ, দেশকে ভালোবাসা ও গণতন্ত্রকে রক্ষার স্বার্থে বাড়ি বা গ্রামে সাময়িক অনশন করুন।’
শুধু আম আদমি পার্টি নয়, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে থাকা সব দলই কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছেন। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অতি সক্রিয়তা’ নিয়ে আওয়াজ উঠেছে বিরোধী শিবির থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতি জনসভা থেকেই কেজরিওয়াল ও ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তার নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করছেন। কংগ্রেসও নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে।