রামনবমী নিয়ে উত্তেজনা বাড়ছে পশ্চিমবঙ্গে

বৃহস্পতিবার হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে সংঘাত সৃষ্টি হয়
ছবি: এএনআইয়ের টুইটার থেকে নেওয়া

হিন্দুত্ববাদী সংগঠন আয়োজিত রামনবমীর মিছিল নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে পশ্চিমবঙ্গে। কলকাতাসংলগ্ন হাওড়া জেলার শিবপুরে গতকাল বৃহস্পতিবার বড় ধরনের গন্ডগোল হয়। এ সময় অন্তত দুটি মিছিলে পিস্তল নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় হিন্দুত্ববাদী সংগঠনের দুই যুবককে। বিষয়টি জনসমক্ষে এনেছেন তৃণমূল কংগ্রেসের দুই এমপি ডেরেক ও ব্রায়েন এবং মহুয়া মৈত্র। আগ্নেয়াস্ত্র নিয়ে দুই যুবকের মিছিলে অংশগ্রহণের ভিডিও তাঁরা টুইট করেছেন। একই ভিডিও টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষও। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়কে মাথা ঠান্ডা রাখতে অনুরোধ করেছেন। শুক্রবার জুমার নামাজের পরে যাতে বড় ধরনের কোনো গন্ডগোল না হয়, সেদিকে লক্ষ রাখার জন্য সংখ্যালঘু সমাজের কাছে আবেদন জানিয়ে মমতা বলেন, ‘আমি শুনেছি, হাওড়ার মুসলমানরা শুক্রবারের নামাজের পর গতকালের ঘটনার প্রতিবাদ করার পরিকল্পনা করেছেন। আমি অনুরোধ করব যে আপনারা এটা করবেন না। প্রতিবাদের ভাষাটা কী হবে, তা দেখার দায়িত্ব আমাকে দিন। প্রতিরোধ আমি করব।’

রামনবমীর মিছিল নিয়ে গতকালের সংঘাত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাওড়ায় যে ঘটনা ঘটেছে, তার জন্য হিন্দুত্ববাদী সংগঠন দায়ী। মমতা বলেন, ‘হাওড়ায় হিন্দুরা হামলা করেনি, যারা করেছে, তারা সব ক্রিমিনাল। বিজেপি এবং ওদের বজরং দল ও হিন্দু মহাসভা কী সব মাথামুণ্ডু আছে…তারাই এটা করেছে।’

হাওড়ার ঘটনা সামাল দিতে পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে মমতা বলেন, যে রুটে মিছিল যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, সেখানেও অনেক লোক ঢুকে পড়েছিল। তিনি বলেন, ‘সে সময়ে পুলিশ যদি গুলি চালাত, তাহলে ঘটনা অন্য রকম হতো। তবে পুলিশের উচিত ছিল, ওই এলাকাকে ব্যারিকেড করে ঘিরে রাখা।’

গতকালের সহিংসতার ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হাওড়ায় বৃহস্পতিবার বেশ কিছু দোকান ভাঙচুর হয়েছে। গাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইচ্ছে করে সংখ্যালঘু এলাকায় আক্রমণ করা হয়েছে এবং গন্ডগোল লাগানোর জন্য এ ধরনের কাজকর্ম করা হয়েছে। গোটা দেশে অন্তত ১০০ জায়গায় বিজেপি সাম্প্রদায়িক হিংসা উসকে দেওয়ার চেষ্টা করেছে।’

এদিকে রামনবমীতে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দাঙ্গাবাজির ফর্মুলা আবার নতুন করে ব্যবহার করা হচ্ছে। দুই সম্প্রদায়কে উত্তেজিত করা হচ্ছে, যাতে দুই পক্ষ পরস্পরের সঙ্গে লড়াই শুরু করে। সহিংসতা বাড়াতে অস্ত্র জোগানো হচ্ছে। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে, যাতে রাজনৈতিক মুনাফা লোটা যায়।’

বিজেপি অবশ্য রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে অংশগ্রহণের অভিযোগ অস্বীকার করেছে। দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘রামনবমী উপলক্ষে রাজ্যজুড়ে অনেক মিছিল হয়েছে। তাতে শুধু যে বিজেপির কর্মীরাই যোগ দিয়েছেন এমন নয়। স্বতঃস্ফূর্তভাবে অনেক সাধারণ মানুষও যোগ দিয়েছেন এবং অনেক জায়গায় তৃণমূলের কর্মী-সমর্থকেরাও মিছিলে পা মিলিয়েছেন। আমার মনে হয় রিভলবার হাতে কাউকে মিছিলে ঢুকিয়ে তৃণমূল এই ছবি তুলেছে। তবে এভাবে বিজেপির বদনাম করা যাবে না।’

হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ধর্মীয় শাখা বিশ্ব হিন্দু পরিষদ আগেই জানিয়েছে আগামী ৬ এপ্রিল হিন্দু দেবতা হনুমানের জন্মদিবস পর্যন্ত রামনবমী পালিত হবে। মিছিল, শোভাযাত্রা এবং পূজা-অর্চনা চলবে। অর্থাৎ পুরো রমজান মাসে রামনবমী পালিত হবে।