এবার স্মৃতি ইরানিকে পাল্টা আক্রমণ

লোকসভার বর্ষা অধিবেশনে বক্তব্য দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রী। নয়াদিল্লি, ১০ আগস্ট
ছবি: এএনআই

রাহুলের ‘উড়ন্ত চুমু’ নিয়ে লোকসভায় তুলকালাম সৃষ্টিকারী স্মৃতি ইরানিকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রী। তিনি বলেন, ‘যখন বিজেপির একজন সংসদ সদস্যদের বিরুদ্ধে নারী রেসলারদের যৌন হয়রানির অভিযোগ করেছিলেন, তখন আপনি একটি শব্দও করেননি।’

গতকাল বুধবার লোকসভায় মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা ছিল। সেখানে রাহুল বিদ্ধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর ‘ঘৃণা’র রাজনীতিকে। তাঁর বিরুদ্ধে মণিপুরে ভারতমাতাকে হত্যা করার অভিযোগ আনেন। রাহুলের পর ভাষণ দিতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর বক্তৃতা চলাকালে রাহুল সভাকক্ষ ত্যাগ করেন। স্মৃতির অভিযোগ, সভা ছেড়ে যাওয়ার আগে রাহুল নাকি তাঁদের দিকে উড়ন্ত চুমু বা ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিয়েছেন। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির নারী সংসদ সদস্যরা স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। নারী সদস্যদের সম্মানহানি করার অভিযোগে বিদ্ধ করেছেন রাহুলকে।

বিজেপির সংসদ সদস্য ও ভারতের রেসলিং ফেডারেশনের বিদায়ী প্রধান ব্রিজ ভুশন শরণ সিংয়ের নাম না উল্লেখ করে মহুয়া মৈত্রী সাংবাদিকদের বলেন, ‘যখন আমাদের চ্যাম্পিয়ন রেসলাররা একজন বিজেপির সংসদ সদস্যের বিরুদ্ধে হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ এনেছিল, তখন আমরা আমাদের নারী ও শিশু উন্নয়নবিষয়ক মন্ত্রীর মুখে একটি শব্দও শুনিনি, আর এখন তিনি কিছু উড়ন্ত চুম্বনের কথা বলছেন। ম্যাডাম, আপনার কাছে কোনটির গুরুত্ব বেশি?’

লোকসভার অধিবেশনে বক্তৃতা করছেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ৯ আগস্ট দিল্লি

গতকাল স্মৃতি ইরানি তাঁর ভাষণে ‘উড়ন্ত চুমুর’ প্রসঙ্গে বলেন, এমন আচরণ সংসদে আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন, ‘যেখানে নারীদের মর্যাদা সুরক্ষায় আইন প্রণয়ন হয়, সেখানে (লোকসভা) অধিবেশন চলাকালে একজন পুরুষের নারীবিদ্বেষী আচরণের সাক্ষী হলাম আমরা। আমার প্রশ্ন হলো, তাঁকে কি শাস্তির আওতায় আনা হবে?’

একজন কংগ্রেস নেতাও বলেছেন, সভাকক্ষ ছেড়ে যাওয়ার সময় রাহুল ট্রেজারি বেঞ্চ, যাঁদের তিনি ভাই-বোন বলে সম্বোধন করেন, তাঁদের দিকে উড়ন্ত চুমু দেওয়ার মতো ভঙ্গি করেন। তিনি কোনো নির্দিষ্ট মন্ত্রী বা সংসদ সদস্য কিংবা স্মৃতি ইরানিকে লক্ষ্য করে এমন কিছু করেননি।