অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করেছে সিবিআই

অক্সফাম ইন্ডিয়া
অক্সফাম ইন্ডিয়া

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ইন্ডিয়া এবং ভারতে সংস্থাটির দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। বিদেশ থেকে পাওয়া তহবিল নিয়ে সরকারি বিধি লঙ্ঘনের অভিযোগে অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে আজ বুধবার সিবিআই এ মামলা করে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭ এপ্রিল অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্তের সুপারিশ করে। অভ্যন্তরীণ তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে এ তদন্ত করতে নির্দেশনাও দেয় মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা পাওয়ার পর দুই সপ্তাহ না পেরোতেই অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করল সিবিআই।

মামলায় সিবিআই অভিযোগ করেছে, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত অক্সফাম ইন্ডিয়া দেড় কোটি রুপি নির্ধারিত ব্যাংক হিসাবের বদলে অন্য অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি গ্রহণ করেছে। এ ছাড়া ২০১৯–২০ অর্থবছরে অক্সফাম ইন্ডিয়া নিজেদের ব্যাংক হিসাব থেকে ১২ লাখ ৭১ হাজার রুপি সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিআর) হিসাবে স্থানান্তর করেছে, যা ২০১০ ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) বা বিদেশি অনুদান বিধিবিষয়ক আইনের লঙ্ঘন হিসেবে অভিযোগ করা হয়েছে।

মামলায় সিবিআইয়ের অভিযোগ, বিদেশি অনুদানবিষয়ক আইনকে পাশ কাটিয়ে অক্সফাম ইন্ডিয়া অন্যান্য সংস্থা বা মুনাফা করে এমন প্রতিষ্ঠানের হিসাবে তহবিল স্থানান্তরের পরিকল্পনা করেছিল। সিবিআই আরও বলেছে, গত সপ্তাহে অভিযান চালিয়ে অক্সফাম ইন্ডিয়ার কার্যালয় থেকে একাধিক ই–মেইল জব্দ করে তারা।

ভারত সরকারের অভিযোগ, অক্সফাম বহু সংস্থার সঙ্গে আইনবহির্ভূত আর্থিক লেনদেনে জড়িত। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে এ ধরনের লেনদেন নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। এরপরও অক্সফাম ইন্ডিয়া এ ধরনের লেনদেন চালিয়ে যাওয়ার কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংস্থাটির বিরুদ্ধে তদন্তের সুপারিশ করে বলে জানিয়েছিল সূত্র।

ভারতে একের পর এক বিদেশি সংস্থা হয় তদন্তের মুখোমুখি হচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। যেমন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বন্ধ হয়ে গেছে এবং ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করল কেন্দ্রীয় সংস্থা সিবিআই।

গত জানুয়ারি মাসে অক্সফামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সংস্থাটি বলেছে, গত ১০ বছরে (২০১২-২০১১) ভারতে যে সম্পদ তৈরি হয়েছে, তার ৪০ শতাংশের বেশি সে দেশের মানুষের ওপরের দিকের মাত্র ১ শতাংশের হাতে গেছে। একই সময়ে ৫০ শতাংশ মানুষের কাছে মাত্র ৩ শতাংশ সম্পদ পৌঁছেছে। এই ৫০ শতাংশ মানুষ সমাজের নিচের দিকের দরিদ্র অংশ। এর ফলে ভারতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১৯ কোটি থেকে বেড়ে ৩৫ কোটি হয়েছে বলেও তাতে বলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ব্যবসায়িক সংস্থার ওপর চাপানো কর, সাধারণ কর মওকুফ ও অন্যান্য সুযোগ-সুবিধার মাধ্যমে ধনীদের সুবিধা করে দেওয়া হয়েছে।