পশ্চিমবঙ্গে সংবাদ সম্মেলনে এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (বাঁ থেকে তৃতীয়), আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরসহ (বাঁ থেকে চতুর্থ) অন্য নেতারা। ২৫ মার্চ ২০২৬, কলকাতার নিউ টাউন
পশ্চিমবঙ্গে সংবাদ সম্মেলনে এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (বাঁ থেকে তৃতীয়), আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরসহ (বাঁ থেকে চতুর্থ) অন্য নেতারা। ২৫ মার্চ ২০২৬, কলকাতার নিউ টাউন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ওয়েইসি ও হুমায়ুন জোট বেঁধে লড়বেন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের সাবেক তৃণমূল নেতা ও মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ার প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবীর ও এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি একজোট হয়ে কলকাতার নিউ টাউনের এক হোটেলে গতকাল বুধবার যৌথ সংবাদ সম্মেলন করে দলের বাঁশি প্রতীকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে দুই নেতা বলেন, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এই দুই দল একজোট হয়ে নির্বাচন করবে।

এর আগে গত মঙ্গলবার রাতেই হুমাযুন কবীরের ডাকে আসাদউদ্দিন ওয়েইসি কলকাতায় আসেন। হুমায়ুন কবীর ইতিমধ্যে গড়েছেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’।

দলটি রোববার রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়তে ২৯৪ আসনের মধ্যে প্রথম দফায় ১৫৪ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। নন্দীগ্রাম ও ভবানীপুর আসনেও প্রার্থী দিয়েছেন হুমায়ুন। তিনি লড়ছেন মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা—এই দুই আসনে।

হুমায়ুন কবীর বলেছেন, ‘আমাদের জোট প্রার্থীদের নামের তালিকা শিগগিরই ঘোষণা করা হবে। বাকি আসনের মধ্যে এআইএমআইএম কতটি আসনে প্রার্থী দেবে বা হুমায়ুনের সঙ্গে কতটি আসনে একজোট হয়ে লড়বে, তা জানিয়ে দেওয়া হবে। এ নিয়ে দুই দলের মধ্যে আলোচনাও হয়েছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দুই দল আসন নিয়ে প্রায় সমঝোতায় পৌঁছে গেছে। হুমায়ুন কবীর বলেছেন, ‘আমাদের এই জোট আটকানোর অনেক চেষ্টা করা হয়েছে। আমরা দুই দল এক হয়ে লড়ব।’

সংবাদ সম্মেলনে ওয়েইসি বলেন, ‘পশ্চিমবঙ্গ বা দেশের যেকোনো জায়গায় হোক না কেন, মুসলিম সংখ্যালঘু নেতা তৈরি না হলে মুসলিম নেতৃত্ব গড়ে ওঠে না। আমরা মনে করি, এই নয়া জোট এই রাজ্যে মুসলিম নেতৃত্ব গড়ার নেতা তৈরি করতে পারবে।’

ওয়েইসি বলেন, ‘আমরা এই রাজ্যে আগেও নির্বাচনে লড়েছি। এবার লড়ব হুমায়ুনের সঙ্গে জোট বেঁধে।’

হুমায়ুন কবীরও জোর গলায় ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করেন। ওয়েইসি হায়দরাবাদের সংসদ সদস্য এবং এআইএমআইএমের সর্বভারতীয় সভাপতি।

সংবাদ সম্মেলনে ওয়েইসি আরও বলেন, ‘আমরা এখানে বেশি আসন চাই না। এখানে আমাদের সঙ্গীকে সঙ্গ দিতে এসেছি। পশ্চিমবঙ্গে খুব ভালো অবস্থায় নেই মুসলিম সমাজ। তাদের শোষণ বন্ধ করতে আমরা হুমায়ুনের সঙ্গে জোট বেঁধেছি। আমাদের লক্ষ্য, এই রাজ্যের সংখ্যালঘু সমাজের উন্নয়ন করা।’

হুমায়ুন বলেন, ‘আমরা ওয়েইসিকে নিয়ে রাজ্যে ২০টি জনসভা করব। শুরু হবে মুর্শিদাবাদ থেকে।’

হুমায়ুন-ওয়েইসির প্রথম জনসভা ১ এপ্রিল বহরমপুরে হতে যাচ্ছে। শেষ সভা হবে কলকাতায়।

আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচনী প্রতীক বাঁশির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, ‘বিজেপির এজেন্ট মীর জাফররা বিজেপির ভাষা ও চিত্রনাট্য অনুযায়ী কথা বলবেন, এটাই স্বাভাবিক। এই এআইএমআইএম বিহার ও মহারাষ্ট্রে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছিল।’

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, হুমায়ুনই তৃণমূল। আর তৃণমূলই হুমায়ুন। হুমায়ুনকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে তৃণমূল বাঁচার চেষ্টা করছে।