রাজধর্ম পালন করুন, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনারকে বললেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার রাজীব সিং নির্বাচনী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ বৃহস্পতিবার রাজ্যপাল বলেছেন, ‘এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। রাজ্যে এই নির্বাচন নিয়ে যে রক্তের হোলি খেলা শুরু হয়েছে, তা দমনে আপনি ব্যর্থ। মানুষ হতাশ। হিংসার যে রক্ত কমিশনারের হাতে লেগে আছে পবিত্র গঙ্গাজলেও তা ধোয়া যাবে না। তাই সময় আছে রাজধর্ম পালন করুন।’

পশ্চিমবঙ্গের স্থানীয় সরকারব্যবস্থা পঞ্চায়েতের নির্বাচন হবে ৮ জুলাই। তবে এর আগে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রচারের সময় সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বেশির ভাগ হামলায় শাসকদল তৃণমূল কংগ্রেস জড়িত ছিল বলে বিরোধীদের অভিযোগ।

এসব বিষয়ে নিয়ে আজ দুপুরে রাজ্যপাল রাজভবনে আয়োজন করেন সংবাদ সম্মেলনের। সেখানে রাজ্যপাল বলেন, ‘এই বাংলায় হিংসার স্থান নেই। আমি শুনেছি পিতৃহারা শিশুর কান্না। তাই বলছি, রক্ত দিয়ে এই রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক। মানুষের চোখের জল দেখেছি ভাঙর, পুরুলিয়া, বাসন্তীতে। এ ঘটনার কারা ঘাতক, তা রাজ্য নির্বাচন কমিশনারকে জানা উচিত। দেখেছি মানুষের, শিশুদের চোখের জল। দেখেছি হিংসায় মৃত্যু পিতৃহারা শিশুদের, তাদের কান্না শুনেছি। তাই বলছি রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক।’

রাজ্যপাল আনন্দ বোস বলেন, ‘আমিই এই কমিশনার রাজীব সিংকে নিয়োগ করেছিলাম। তিনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। তাই বলছি কমিশনার মানুষের কথা শোনার চেষ্টা করুন। এখন ডবল ব্যালট ছাপানোর অভিযোগ উঠে আছে। তাই বলছি আগুন নিয়ে খেলবেন না। সময় আছে সুষ্ঠু নির্বাচন করার উদ্যোগ নিন।’

পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার রাজীব সিং। সম্প্রতি তোলা

এবারের এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ৩ হাজার ৩১৭ গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনে। আরও নির্বাচন হচ্ছে ৩৪১ পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনে। এরই সঙ্গে ২২ জেলা পরিষদের ৯২৮ আসনে ভোট হচ্ছে। মোট বুথের সংখ্যা ৬১ হাজার ৬৩৬। ভোটার ৫ কোটি ৬৭ লাখ ২১ হাজার ২৩৪ জন। এই বুথের জন্য কেন্দ্রীয় সরকার ৬৫ হাজার কেন্দ্রীয় বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজ্যের ৭০ হাজার পুলিশ মোতায়েন করছে। ইতিমধ্যে এই বাহিনীর সদস্যরা পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছে।

গত ২০১৮ সালের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ১৪ মে। ওই নির্বাচনের সময় সংঘাতে নিহত হয়েছিল ২৩ জন।

গত ২০১৮ সালের নির্বাচনে ত্রিস্তর পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন শাসকদল তৃণমূলের প্রার্থীরা। বাকি আসনেও সিংহভাগ দখল করেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। এবারও সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চেয়েছিল শাসকদল। কিন্তু বিরোধী বিজেপি, কংগ্রেস এবং বাম দলের প্রচণ্ড বাধার মুখে এবার অতটা আসন দখল করতে পারেনি। তবে অন্তত ১২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তারা।

এবার এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে তৃণমূল ৮৪ হাজার ১০৭টি, বিজেপি ৫৪ হাজার ৭৪৯টি, সিপিএম ৪৭ হাজার ৩৫৮টি এবং কংগ্রেস ১৬ হাজার ১৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে।  

ভোটের ফল বের হবে ১১ জুলাই।