জনবহুল শহরে স্বল্প সময়ে ও অল্প খরচে যাতায়াতের জন্য মেট্রোরেলের জুড়ি নেই। বিশ্বের অনেক মেট্রোপলিটন শহরে গণপরিবহন হিসেবে মেট্রোরেল জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু চলাচলের জন্য যখন নৌপথ অপরিহার্য, তখন কী হবে? তাই নৌপথে সহজে ও সাশ্রয়ী চলাচলের জন্য ওয়াটার মেট্রো চালু করতে যাচ্ছে ভারত।
ভারতের কেরালা রাজ্যের কোচি শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কোচিতে আজ মঙ্গলবার চালু হচ্ছে ওয়াটার মেট্রো। ভারতে চালু হওয়া প্রথম ওয়াটার মেট্রো হতে যাচ্ছে এটি।
এএনআইয়ের খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ওয়াটার মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন।
কোচি ও আশপাশের ১০টি বন্দরনগরীর মধ্যে চলাচল করবে এই ওয়াটার মেট্রো। দুটি টার্মিনাল হবে হাইকোর্ট-ভাইপিন ও ভিতিলা-কাক্কানাদ।
কোচির পর্যটনের বিকাশে এই প্রকল্প সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দেশি-বিদেশি পর্যটকেরা ওয়াটার মেট্রোতে চড়ে আশপাশে চলাচল করতে ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
জায়গাভেদে ওয়াটার মেট্রোর টিকিটের দাম ধরা হয়েছে ২০ থেকে ৪০ রুপি। নিয়মিত যাঁরা ভ্রমণ করবেন, তাঁদের জন্য সাত দিন, এক মাস এবং তিন মাসের বিশেষ প্যাকেজ। টার্মিনালে গিয়ে কিংবা মুঠোফোনে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।
কোচিতে ওয়াটার মেট্রো পরিচালনার জন্য কেনা হয়েছে আটটি হাইব্রিড নৌযান। এগুলো বিদ্যুৎ-চালিত। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ হাজার ১৩৭ কোটি রুপি। জার্মান ব্যাংক কেএফডব্লিউর পৃষ্ঠপোষকতায় প্রকল্পটি পরিচালনা করছে কোচি শিপইয়ার্ড লিমিটেড।