পানিহাটি আসনের সাবেক বিধায়ক নির্মল ঘোষ
পানিহাটি আসনের সাবেক বিধায়ক নির্মল ঘোষ

আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ ও হত্যার শিকার নারী চিকিৎসকের মরদেহ তড়িঘড়ি করে সৎকারের অভিযোগে পশ্চিমবঙ্গের পানিহাটির সাবেক তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওডিশা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে করা নতুন মামলায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নির্মল ঘোষকে ওডিশায় গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে। এরপর তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হতে পারে।

২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ওই নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর তাঁর মরদেহ পানিহাটি শ্মশানে দ্রুত সৎকার করা হয়। সেই সৎকারের প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে।

নির্মল ঘোষের বিরুদ্ধে নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগ, তিনি এবং তৃণমূলের আরও দুই নেতা নিহত নারী চিকিৎসকের মরদেহ তাঁর মা–বাবাকে শেষবারের মতো দেখতে না দিয়েই তড়িঘড়ি করে সৎকারের উদ্যোগ নেন। পরিবারের আপত্তি ও দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবির মধ্যেই মরদেহকে ‘ভিআইপি মর্যাদা’ দিয়ে পানিহাটি শ্মশানে দ্রুত দাহ করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। নিহত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে মে মাসে আদালতে করা আবেদনে এমন অভিযোগ তোলা হয়েছিল।

নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষসহ তিনজনের বিরুদ্ধে নতুন করে এফআইআর করে পুলিশ। নির্মল ঘোষ ছাড়া অন্য দুজন হলেন পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান সোমনাথ দে ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা সঞ্জীব মুখোপাধ্যায়।

গত রোববার আরজি করের ওই নারী চিকিৎসকের মৃত্যুর দুই বছর পূর্তির দিন পানিহাটির একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, কেন ওই চিকিৎসকের মা–বাবার আপত্তি সত্ত্বেও তাঁর মরদেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল? ওই সময় কোনো ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াই মরদেহ সৎকার করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নতুন করে মামলাটি তদন্তের উদ্যোগ নেয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, কেন ওই নারী চিকিৎসকের মরদেহ এত দ্রুত সৎকার করা হয়েছিল এবং সৎকারের প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা হয়েছিল কি না।

পুলিশের তদন্তে ঘটনার দিন রাতে আরজি কর হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে পানিহাটি শ্মশানে মরদেহ সৎকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। মরদেহ সৎকারের পুরো প্রক্রিয়া তদন্তের আওতায় আনা হয়েছে।

নির্মল ঘোষ এর আগে আরজি করের ওই নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে।

এদিকে নির্মল ঘোষের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার পানিহাটি পৌরসভার সামনে একদল স্থানীয় মানুষ উল্লাস করেন। তাঁরা একে অপরকে মিষ্টি খাওয়ান।

এর আগে গত ১৩ জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং এক কোটি রুপির লটারির টিকিট ছিনিয়ে নেওয়ার অভিযোগসংক্রান্ত মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।