কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ৪৩টি প্রকাশনা

গত বছর কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়ন
ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতা বইমেলা শুরু হচ্ছে ৩০ জানুয়ারি। এই বইমেলায় বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ৪৩টি প্রকাশনা সংস্থা। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হচ্ছে সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে। বাংলাদেশের বঙ্গভবনের আদলে প্যাভিলিয়নটি করা হচ্ছে।

এবার কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস পালিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি। ওই দিন বাংলাদেশ থেকে যোগ দেবেন দেশটির প্রথিতযশা কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান শিল্পীরা।

আজ বুধবার সকালে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মো. শামছুল আরিফ প্রথম আলোকে এসব কথা বলেন।

কলকাতা বইমেলার এবারের ‘থিম কান্ট্রি’ স্পেন। গত বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। কলকাতা বইমেলায় তিনবার থিম কান্ট্রি করা হয়েছিল বাংলাদেশকে।

কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে প্রথম আলোকে বলেন, এবারের বইমেলায় সপ্তম শতকের ব্রাহ্মী লিপি থেকে সংস্কৃত, আরবি ও ফারসিতে লেখা প্রাচীন পুঁথির স্লাইড দেখানো হবে। এটি দেখাবে এশিয়াটিক সোসাইটি। তবে নিরাপত্তার কারণে মূল পাণ্ডুলিপি মেলার মাঠে আনা হবে না।

মেলায় এবারই প্রথম থাকছে রবীন্দ্র সাহিত্যের পূর্ণাঙ্গ অনুবাদ নিয়ে স্প্যানিশ ভাষায় প্রকাশিত রবীন্দ্র রচনাবলি। এসব বই মিলবে স্পেনের প্যাভিলিয়নে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্পেনের চুক্তি অনুযায়ী এই অনুবাদ সাহিত্য প্রকাশ হচ্ছে।

এদিকে এবারই প্রথম কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে নির্মিত হওয়া ‘বইমেলা প্রাঙ্গণে’ প্রথম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৪৫ বছর ধরে এই বইমেলা বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু এবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে নিজস্ব প্রাঙ্গণে। এই প্রাঙ্গণ তৈরি করা হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৩ একর জায়গাজুড়ে। এখন থেকে এটিই হবে বইমেলার নিজস্ব স্থায়ী প্রাঙ্গণ।

এবার কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৬তম বইমেলা। এই বইমেলা শুরু হয়েছিল ১৯৭৬ সালে। গত ৩০ নভেম্বর এবারের বইমেলার লোগো উন্মোচিত হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত কোসে মারিয়া বিদাও দোমিন গেজ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা।

গত বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। বইমেলা উৎসর্গ করা হয়েছিল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরকে স্মরণে রেখে।

বরাবরের মতো কলকাতা বইমেলায় এবারও যোগ দিচ্ছেন দেশ-বিদেশের প্রকাশকেরা। অংশ নিচ্ছে ২০ থেকে ২৫টি দেশ। বইমেলায় থাকছে বই ও লিটলম্যাগের ৯০০টি স্টল। বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে ৪৩টি প্রকাশনা সংস্থা।