পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ২৪ দিনে নিহত ১৫ জন

পশ্চিমবঙ্গের বর্ধমানে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ হবে ৮ জুলাই। এ নির্বাচনকে ঘিরে অশান্ত হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী বিজেপি, কংগ্রেস, বাম দল ও আইএসএফের (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট) সংঘর্ষ হচ্ছে। গতকাল সোমবারও সংঘর্ষ হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। নিহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের এক কর্মী।

গত ৯ জুন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমার দিন থেকে গতকাল পর্যন্ত ২৪ দিনে এ রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমার আঘাতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এ নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে ভারতের কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রণালয় এ রাজ্যে নিয়োগ করেছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, এবার রাজ্যের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের নিয়োগ করতে হবে। রাজ্যে রয়েছে ৬২ হাজার নির্বাচনী বুথ।

এ বুথের জন্য কেন্দ্রীয় সরকার ৬৫ হাজার কেন্দ্রীয় বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজ্যের ৭০ হাজার পুলিশ মোতায়েন করছে। ইতিমধ্যে এই বাহিনীর সদস্যরা পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছেন। কোথায় কোথায় এই বাহিনী নিয়োগ করা হবে, সে লক্ষ্যে আজ মঙ্গলবার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

গতকাল নির্বাচনী তৃণমূল কংগ্রেস কর্মী পরিতোষ মণ্ডল মারা গেছেন। এ নিয়ে রাজ্যে নির্বাচনের আগেই সংঘর্ষে ১৫ জন নিহত হলেন। গত ২৪ দিনে এই রাজ্যের খড়গ্রাম, ভাঙর, নবগ্রাম, কোচবিহার, চোপড়া, পুরুলিয়া, বেলডাঙ্গা, বাসন্তী, হাড়োয়া ও দিনহাটায় নিহত হওয়ার এসব ঘটনা ঘটে।

গতকাল ভাঙর, কুলতলি, দিনহাটা, মধ্যমগ্রাম. কোচবিহারে ব্যাপক সংঘর্ষ হয়েছে। তবে রাজ্য পুলিশের ডিজি  মনোজ মালব্য আজ  বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

২০১৮ সালের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ১৪ মে। ওই নির্বাচনের আগে–পরে সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছিলেন।

২০১৮ সালের নির্বাচনে পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন শাসক দল তৃণমূলের প্রার্থীরা। বাকি আসনেও সিংহভাগ দখল করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারও সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চেয়েছিল শাসক দল। কিন্তু বিরোধী বিজেপি, কংগ্রেস ও বাম দলের প্রচণ্ড বাধার মুখে এবার অতটা আসন দখল করতে পারেনি। তবে অন্তত ১২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তারা।

রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে রয়েছে ৫৮ হাজার ৫১৩টি আসন। পঞ্চায়েত সমিতিতে রয়েছে ৯ হাজার ৭৩০টি এবং জেলা পরিষদে রয়েছে ৯২৮টি আসন। পঞ্চায়েত ভোটের ফল বের হবে ১১ জুলাই।