
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু এর আগেই দলের প্রার্থী ঠিক করতে এক বৈঠকে গোলাগুলিতে নিহত হলেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দুই নেতা। রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। রাজ্যের বিরোধী নেতারা বলছেন, আগামী পঞ্চায়েত নির্বাচন যে সহিংস হতে যাচ্ছে, এটি তারই ইঙ্গিত।
পশ্চিমবঙ্গের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত। আগামী মে মাসে এই নির্বাচন হতে পারে। তবে রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করার কারণে রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেনি।
কিন্তু হাইকার্ট সেই মামলার শুনানি শেষে জানিয়ে দেন, আপাতত রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবেন না আদালত। ওই রায়ের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী ফের আবার আপিল করেন সুপ্রিম কোর্টে। তাই এখন নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি ঝুলে আছে।
এরই মধ্যে গতকাল গোষ্ঠী দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটল। গতকাল সেই প্রার্থী বাছাই নিয়ে এক বৈঠক বসেছিল উত্তর দিনাজপুরের চোপড়ার দীঘাপানায়। সেখানে প্রার্থী বাছাই নিয়ে আলোচজনার পর চারজনের নাম ঠিক হয়। বৈঠক শেষ হলে সবাই যখন বৈঠক থেকে বের হচ্ছিলেন, তখন হঠাৎ গোলাগুলি শুরু হয়। এই গোলাগুলিতে দুজন মারা যান।
তাঁরা হলেন ফয়জুর রহমান (৬২) এবং মহম্মদ হাসু (৫৫)। তাঁদের বাড়ি দীঘাপানার বস্তি এলাকায়। এই গোলাগুলিতে আহত হন আরও তিনজন। এরপর চোপড়া এলাকায় তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে এসে সংঘাতে জড়ান।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পুলিশ নিয়োজিত করা হয়।
তৃণমূলের কেন্দ্রীয় সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবারের পঞ্চায়েত নির্বাচন হবে স্বচ্ছ এবং নির্বিঘ্ন। কিন্তু এই ঘোষণার পরপরই প্রার্থী নির্বাচন নিয়ে রক্তাক্ত হলো পশ্চিমবঙ্গের রাজনীতি।
গতকালই বিজেপির সাবেক প্রতিমন্ত্রী ও নেত্রী দেবশ্রী চৌধুরী বলেই ফেলেছেন, শাসক দলই শুরু করল সন্ত্রাস। নিজেদের প্রার্থী বাছাই নিয়ে যখন এত সন্ত্রাস, তখন তো পঞ্চায়েত নির্বাচন যে কতটুকু নিরপেক্ষ হবে, সেই প্রশ্নটি উঠে এসেছে।
২০১৮ সালের ১৪ মে সর্বশেষ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসনের মধ্যে ওই বছর ৩৪ শতাংশ আসন শাসক দল জোর করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেয়।