এবার কবিগুরুকে এনে মমতাকে চ্যালেঞ্জ জানাতে চায় বিজেপি

অমিত শাহ
ফাইল ছবি: প্রথম আলো

ভারতে আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে অনুষ্ঠেয় লোকসভার নির্বাচনের উত্তাপ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যেও লেগেছে নির্বাচনের হাওয়া। নির্বাচন সামনে রেখে নেমে পড়েছে বিজেপিসহ সব রাজনৈতিক দল। বিভিন্ন ঘটনায় এই রাজ্যে বিজেপির জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। অন্যদিকে কংগ্রেস ও বাম দলের জনপ্রিয়তা আগের তুলনায় বেড়েছে। সেটা বুঝেই কিনা বিজেপি অন্যদের চেয়ে একটু বেশি তৎপর।

এ অবস্থায় বাংলার ভোটে ভাগ বসাতে বিজেপির নেতারা কোমর বেঁধে নেমেছেন। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা নববর্ষের সময় কলকাতা এসে শুনিয়ে গেছেন, তাঁরা এ রাজ্য থেকে লোকসভার ৩৫টি আসন চান। এটা পেলেই তাঁরা মমতা সরকারকে ফেলে দিতে পারবেন।

২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিন সামনে রেখে আবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কবিগুরুকে সামনে এনে বিজেপি নতুন করে রাজনৈতিক অঙ্গনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্য স্থির করেছে। তাই ২৫ বৈশাখ (৯ মে) অমিত শাহ কলকাতায় যোগ দেবেন কবিগুরুর জন্মদিনের বিশেষ উৎসবে।

এবার ‘খোলা হাওয়া’ নামের একটি সংগঠন কবিগুরুর জন্মদিনের উৎসব আয়োজন করছে কলকাতার বিজ্ঞান নগরীর মিলনায়তনে। এই সংগঠনের সভাপতি সাবেক বিজেপি সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত। তিনি বলেছেন, ‘কবিগুরুর মুক্তচিন্তা বিকাশে আমরা বদ্ধপরিকর। তাই তো কবিগুরুর চিন্তাধারার ধারক হিসেবে বিজেপি গোটা দেশ ও রাজ্যে কবিগুরুর চিন্তাধারাকে এবার ছড়িয়ে দিতে চায়।’

শুরুতে বিজেপির পরিকল্পনা ছিল, ৯ মে অনুষ্ঠান হলেও দুই দিনের সফরে এসে অমিত শাহ দুই জেলায় রাজনৈতিক সভা করবেন। কিন্তু তাতে বিজেপির একাংশের নেতা সায় না দেওয়ায় কেবল এক দিনের জন্য কলকাতায় আসছেন অমিত শাহ। কবিগুরুর জন্মদিনে সকালে কলকাতায় এসে রাতেই দিল্লি ফিরে যাবেন তিনি।