ফুলের একটি তোড়া এত বড়!

ভারতের আহমেদাবাদে প্রদর্শিত ফুলের এ তোড়া বিশ্বের সবচেয়ে বড় ফুলের তোড়া হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

‘ফুলের তোড়া’ কথাটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে ফুল দিয়ে তৈরি ছোট, সুন্দর এক উপহারের ছবি। তবে ভারতের আহমেদাবাদ শহরের কর্তৃপক্ষ সে ধারণা বদলে দিয়েছে। শহরটিতে প্রদর্শিত এক বিশালাকারের ফুলের তোড়া জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

২০২৫ সালের জানুয়ারিতে আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন (এএমসি) ১১ হাজার ৭০০টি তাজা চন্দ্রমল্লিকা ফুল দিয়ে এই বিশাল তোড়া তৈরি করে। ওই বছরের ৩ জানুয়ারি ফুল প্রদর্শনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এটি প্রদর্শন করা হয়। তোড়াটি প্রায় ১০ দশমিক ২৪ মিটার উঁচু ও ১০ দশমিক ৮৪ মিটার চওড়া।

বার্ষিক আহমেদাবাদ আন্তর্জাতিক ফুল প্রদর্শনীর অংশ হিসেবে প্রদর্শিত এই তোড়া মুহূর্তেই দর্শনার্থীদের মন জয় করে নেয়। ২০২৫ সালের ৭ জানুয়ারি এটি বিশ্বের সবচেয়ে বড় তোড়া হিসেবে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসের স্বীকৃতি পায়। তোড়াটি এখন পর্যন্ত সে রেকর্ড ধরে রেখেছে।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত এএমসি ২০১৩ সাল থেকে সবরমতী রিভারফ্রন্টে এই ফুল উৎসবের আয়োজন করে আসছে। প্রতিবছর জানুয়ারির শুরুতে এই ফুল প্রদর্শনী হয়। এখানকার বিশাল ভাস্কর্যসহ প্রদর্শিত স্থাপত্যগুলোর নকশা করা হয় নানা রঙের ফুল দিয়ে। ফুলপ্রেমীদের কাছে এ আয়োজন যেন পৃথিবীর বুকে একটুকরো স্বর্গরাজ্য। এ প্রদর্শনীর পেছনের ভাবনাটিও দারুণ। নানা রং, গন্ধ আর ফুলের বৈচিত্র্যের মাধ্যমে তুলে ধরা হয় ভারতের সংস্কৃতি, পুরাণ ও উন্নয়নের গল্প।

গত বছর তৈরি হওয়া বিশালাকারের ফুলের তোড়াটির নাম ‘ইউনিটি ব্লসম’। তোড়াটি ছিল এ ফুল প্রদর্শনীর জন্য বড় এক মাইলফলক।