দুর্নীতির মামলা থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে সরিয়ে দিলেন সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্ট
ছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি চাকরির নিয়োগ-সংক্রান্ত দুর্নীতির মামলার বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আজ শুক্রবার তাঁকে এ মামলা থেকে সরিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন বিচারপতি অভিজিতের মামলা এখন কে শুনবেন।

গত সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে করা একটি অভিযোগের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট এমন সিদ্ধান্ত দিলেন। অভিযোগে বলা হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের বিভিন্ন স্কুলে নিয়োগ-সংক্রান্ত দুর্নীতির মামলা শোনার মধ্যে এ বিষয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন।

অভিযোগ শুনে প্রধান বিচারপতি বলেন, বিচারপতিরা বিচারাধীন বিষয় নিয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি তা করে থাকেন, তাহলে তিনি এ মামলা শোনার অধিকার হারিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য সাক্ষাৎকারের অনুবাদ কলকাতা হাইকোর্টকে দিতে বলেন সুপ্রিম কোর্ট।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সাক্ষাৎকার দিয়েছিলেন, তার অনুবাদ দেখে এবং কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগ-সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দেন শুক্রবার। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি।

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা এবং স্কুলে নিয়োগ-সংক্রান্ত দুর্নীতির ওই মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা—এমন পর্যবেক্ষণই দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ।

দুর্নীতির মামলা নিয়ে বিচারপতি অভিজিতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এরপর আজ এ নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের নির্দেশ জানার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন টিভি ইন্টারভিউ নিয়ে। স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের প্রতিবেদন, সাক্ষাৎকারের অনুবাদ, যাবতীয় হলফনামা আজ রাত ১২টার মধ্যে পেশ করা হোক। রাত সোয়া ১২টা পর্যন্ত আমি আমার চেম্বারে থাকব।’

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে এর আগে বিচারপতি অভিজিৎ বলেন, ‘আমি ইস্তফা দিচ্ছি বলে কেউ কেউ রটাচ্ছেন। এটা ভুল রটনা। আমি যে লড়াই শুরু করেছি, তার শেষ আমি দেখে ছাড়ব। কোনো মানুষই সারা জীবন থাকে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমার বিষয়ে কয়েকজন আইনজীবী ভুল বোঝাচ্ছেন।’

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সভাপতি সুকান্ত মজুমদার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার বিষয়টিকে দুঃখজনক বলেছেন।