কাকে রেখে কাকে খুশি করবে কংগ্রেস

নয়াদিল্লিতে গতকাল বৈঠকের পর কংগ্রেস সভাপতির বাসা থেকে বের হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর দাবিদার সিদ্দারামাইয়া
ছবি: এএনআই

জয় যতটা সহজ হয়েছিল, কর্ণাটকে মুখ্যমন্ত্রী পছন্দ কংগ্রেসের জন্য ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কাল বৃহস্পতিবার নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন। আগেভাগে তা ঘোষণা করা হয়েছে। অথচ গতকাল মঙ্গলবার সারা দিন মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করা যায়নি। আজ বুধবার তা করতেই হবে। যদিও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, তাতে সিদ্দারামাইয়া ও শিবকুমার দুজনকেই খুশি করা যাবে তো?

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের মতো বড় চিন্তা গান্ধী পরিবারের। পরাস্ত হয়েও বিজেপি এ নিয়ে খোঁটা দিতে ছাড়ছে না। তারা বলতে শুরু করেছে, ‘তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা দেখো। আমাদের সবকিছু কত মসৃণ, তাদের জল সব সময় ঘোলাটে।’

আর বলছে, মল্লিকার্জুন খাড়গে নামেই সভাপতি। চাবিকাঠি ওই ১০ জনপথেই।
সে যা-ই হোক, সমাধানের সূত্র বের করতেই হবে কংগ্রেসকে, যদিও তা ‘মধুরেণ সমাপয়েৎ’ হবে কি না পরের ব্যাপার।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের মতো বড় চিন্তা গান্ধী পরিবারের। পরাস্ত হয়েও বিজেপি এ নিয়ে খোঁটা দিতে ছাড়ছে না। তারা বলতে শুরু করেছে, তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা দেখো। আমাদের সবকিছু কত মসৃণ, তাদের জল সব সময় ঘোলাটে।

এক নম্বর টানাপোড়েন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে। সিদ্দারামাইয়া প্রথম পছন্দ। প্রায় সব মহলেরই। একটা কারণ, তাঁর অভিজ্ঞতা। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সরকার চালিয়েছেন যোগ্যতার সঙ্গেই। দুর্নীতির অভিযোগ গায়ে মাখতে দেননি। দ্বিতীয় কারণ, অনগ্রসর কুড়ুবা সম্প্রদায়ের এই নেতা রাজ্যের দলিত, তফসিল জাতি-উপজাতি ও মুসলমানদের মধ্যেও জনপ্রিয়। তৃতীয় কারণ, পরের ভোটে ৮১ বছর বয়স হয়ে যাবে বলে এটাই শেষ নির্বাচন ঘোষণা করে মুখ্যমন্ত্রিত্বের জোরাল দাবি জানিয়ে রেখেছেন।

তাই বলে শিবকুমারের দাবিও অস্বীকার করা কঠিন। রাজ্য সভাপতি হিসেবে সর্বগ্রাসী বিজেপির মোকাবিলা করে দলকে একজোটই শুধু রাখেননি, জিতিয়েও এনেছেন। সোনিয়া গান্ধীকে দেওয়া কথার খেলাপ হতে দেননি। বারবার দলের সংকটে সর্বস্ব পণ করেছেন। সে জন্যই তাঁকে কারাগারে যেতে হয়েছে বলে তাঁর দাবি। তা ছাড়া শীর্ষ নেতাদের বলে দিয়েছেন, একজনই সব সময় সুযোগ পাবেন, অন্যরা বঞ্চিত হবেন কেন? এই জট আজকালের মধ্যে খুলে হয়তো যাবে, কিন্তু যে বিভাজন সৃষ্টি হবে, তাতে প্রলেপ লাগবে কী করে?

সম্মানজনক সেই সূত্রের খোঁজেই ব্যস্ত শীর্ষ নেতৃত্ব।

৬১ বছরের শিবকুমারকে মুখ্যমন্ত্রী করা হলে ৭৬ বছরের সিদ্দারামাইয়ার কোনো ভূমিকাই থাকবে না। তাঁকে উপমুখ্যমন্ত্রী করা যাবে না। পরিষদীয় নেতার ভূমিকাতেও বয়স প্রতিবন্ধক। বিজেপির ঢঙে তাঁকে আদভানি-যোশি-ইয়েদুরাপ্পার মতো ‘মার্গদর্শক’ করে রাখলে দলেরই ক্ষতি। বিশেষ করে ১০ মাসের মধ্যে যখন লোকসভা ভোট। অতএব প্রশ্ন, সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা হলে শিবকুমারকে কীভাবে সন্তুষ্ট রাখা হবে?

প্রস্তাব অনুযায়ী, শিবকুমার হবেন উপমুখ্যমন্ত্রী। হাতে থাকবে নিজের পছন্দ অনুযায়ী অন্তত দুটি মন্ত্রণালয়। তাঁর অনুগামীদের মধ্যে তিন-চারজন মন্ত্রিসভায় স্থান পাবেন। সেই সঙ্গে তাঁরই হাতে রাখা হবে সভাপতির দায়িত্ব।

বেঙ্গালুরুতে গত সোমবার মুখ্যমন্ত্রীর বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ডি কে শিবকুমার

মুশকিল হলো, মুসলমান, দলিত ও তফসিল জাতি-উপজাতিদের মধ্য থেকে উপমুখ্যমন্ত্রিত্বের দাবি জোরালোভাবে পেশ হয়েছে। শিবকুমার প্রস্তাবে রাজি হলে অন্য কাউকে তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন না। কারণ, তাতে তাঁর ক্ষমতা ও সরকারে অধিষ্ঠান খর্ব হবে। আবার বিপুলভাবে সমর্থন জানানো দলিত, মুসলমান ও তফসিল জাতির নেতাদের ক্ষুণ্ন করাও দলের পক্ষে ক্ষতিকর। জট তাই যথার্থই জটিল।

জটিলতা আরও রয়েছে। পাঁচ প্রতিশ্রুতি জাগিয়ে কংগ্রেস এবার জনতা জনার্দনের আশীর্বাদ পেয়েছে। পরিবারপ্রতি ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, প্রতি পরিবারের নারী কর্ত্রীদের মাসিক ২ হাজার রুপি, বেকার স্নাতকদের মাসে ৩ হাজার ও ডিপ্লোমাধারীদের দেড় হাজার রুপি, দরিদ্র পরিবারের সদস্যপিছু মাসে ১০ কেজি করে পছন্দের দানাশস্য এবং নারীদের সরকারি বাসে বিনা টিকিটে ভ্রমণের অধিকার দেবে বলে কংগ্রেস অঙ্গীকারবদ্ধ। শুধু তা-ই নয়, সভাপতি খাড়গের ষষ্ঠ প্রতিশ্রুতি, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ওই পাঁচ প্রতিশ্রুতি পূরণ করা হবে।

প্রতিশ্রুতি দেওয়া সহজ, পূরণ করা কঠিন। কীভাবে এই পাঁচ প্রতিশ্রুতি কংগ্রেস পূরণ করবে, সেটাই হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রীর বড় চিন্তা।

চিন্তার কারণ, অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে গেলে বছরে লাগবে ৬২ হাজার কোটি রুপি, যা কিনা রাজ্যের বাজেটের প্রায় ২০ শতাংশ। গত বছরের বাজেটের হিসাব দেখাচ্ছে, ঘাটতির পরিমাণ ৬০ হাজার কোটি রুপি!

কংগ্রেসের আশার জায়গা, বাড়তি রাজস্ব আদায়। ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭২ হাজার কোটি রুপির মতো। আদায় হয়েছে ৮৩ হাজার কোটি। কিন্তু বাজারে ঋণের পরিমাণ সাড়ে ৫ লাখ কোটি টাকারও বেশি। এর সঙ্গে যোগ হওয়ার সম্ভাবনা আরও পৌনে দুই লাখ কোটি রুপি। শুধু বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলোর কাছেই রাজ্যের দেনা ২০ হাজার কোটি রুপি। ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ মাসে জোগান দিতে হলে পাওনা কীভাবে মিটবে?

মুসলমান, দলিত ও তফসিল জাতি-উপজাতিদের মধ্য থেকে উপমুখ্যমন্ত্রিত্বের দাবি জোরালোভাবে পেশ হয়েছে। শিবকুমার প্রস্তাবে রাজি হলে অন্য কাউকে তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন না।

কংগ্রেস নেতারা বলছেন, এসব প্রতিশ্রুতি সবার জন্য নয়। দরিদ্রদের জন্য। প্রয়োজনের বহরও ৬২ হাজার কোটি নয়। রাজ্যের সবাইকে এসব সুবিধা দিতে হলে তাঁদের হিসাবে দরকার ৪০ হাজার কোটির মতো। কিন্তু দরিদ্ররাই ওই প্রতিশ্রুতি পাবেন, সম্পন্নরা নন।

তাই খরচ হবে ১৭ থেকে ১৮ হাজার কোটির মতো। যেমন যেসব পরিবারের বিদ্যুৎ খরচ মাসে ২০০ ইউনিট, তাঁদেরই বিদ্যুতের দাম দিতে হবে না। নারীরা বিনা ভাড়ায় যেতে পারবেন শুধু সাধারণ সরকারি বাসে। বিলাসবহুল বাসে নয়। মূল উদ্দেশ্য, কাজের জায়গায় যেতে আসতে যাতে নারীদের খরচ বাঁচে। পরিবারের সদস্যপিছু বিনা মূল্যে ১০ কেজি দানাশস্যও দেওয়া হবে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের। তবে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে গৃহকর্ত্রী নারীদের ক্ষেত্রে কোনো বাছবিচার করা হবে না। সব শ্রেণির নারী কর্ত্রীকেই ওই অর্থ মাসে দেওয়া হবে। কেউ নিতে না চাইলে অন্য কথা।

রাজ্যের মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে দেশে কর্ণাটক তৃতীয়। সম্পদশালী হিসেবে পরিচিত এই রাজ্যের অর্থনৈতিক ভিত্তিও যথেষ্ট পোক্ত। কংগ্রেসের এক পদাধিকারী ও এআইসিসি নেতা এই প্রসঙ্গে বলেছেন, ‘অর্থনীতির জ্ঞান আমাদেরও আছে। আমরাও সব দিক খতিয়ে প্রতিশ্রুতি দিয়েছি। কীভাবে তা পূরণ করা হবে, তা-ও আমাদের জানা।’ ওই নেতা আরও বলেন, ‘বিজেপি জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। আমরা সজাগ।’

জনগণকে সুরাহা দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও কংগ্রেস বেকারত্ব দূর করতে আড়াই লাখ সরকারি শূন্য পদ পূরণে অঙ্গীকারবদ্ধ। এআইসিসির ওই নেতা বলেন, ‘ওই প্রতিশ্রুতিও লোকসভা ভোটের আগে পালনে আমরা সচেষ্ট।’

কর্ণাটকের জট বড়ই জটিল। কীভাবে সেই জট ছাড়ায়, সে দিকেই সবার নজর। প্রথম জট মুখ্যমন্ত্রিত্বের। জল্পনার নিরসন আজকালের মধ্যেই।