এবার লড়াই খাড়গে বনাম থারুর

দুই কংগ্রেস নেতা অশোক গেহলট ও শশী থারুর (ডানে)
 ছবি: ফেসবুক

ভারতে বিস্তর জল ঘোলার পর অবশেষে কংগ্রেস সভাপতি পদে লড়াই হতে চলেছে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে শশী থারুরের। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অপ্রত্যাশিত বিদ্রোহের পর কর্ণাটকের দলিত নেতা ৮০ বছর বয়সী মল্লিকার্জুন খাড়গে শেষ পর্যন্ত গান্ধী পরিবারের মুশকিল আসান হিসেবে অবতীর্ণ হলেন শুক্রবার সকালে। কেরালার সাংসদ ৬৬ বছরের শশী থারুর মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দীর্ঘ দুই দশক পর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন অবধারিত। খাড়গে ও থারুরের মতো গতকাল মনোনয়নপত্র পেশ করেছেন ঝাড়খন্ডের সাবেক মন্ত্রী কে এন ত্রিপাঠিও। তবে এ নির্বাচনে তিনি খুব একটা আলোচনায় নেই। তাই লড়াইটা খাড়গে বনাম থারুর।

সভাপতির দায়িত্ব গান্ধী পরিবারের কেউ নেবেন না, এ সিদ্ধান্তে রাহুল গান্ধী অনড় থাকায় নির্বাচন অবধারিত হয়ে ওঠে। কিন্তু তা সত্ত্বেও দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল দল পরিচালনার ‘রিমোট’ গান্ধীরা হাতছাড়া করতে প্রস্তুত নন। পরিবারের একান্ত অনুগত গেহলটকে বাছা হয়েছিল সেই কারণে। শেষ মুহূর্তে গেহলট বেঁকে বসলেন। রাজনৈতিক প্রতিপক্ষ শচীন পাইলটকে রাজ্যপাট না ছাড়ার দাবিতে অনড় রইলেন। সংকট নিরসনে খাড়গে মুশকিল আসান হতে ছড়িয়ে পড়েছে এই বার্তা, তিনিই ‘সরকারি প্রার্থী’।

মল্লিকার্জুন খাড়গে।

যদিও শশী থারুরের দাবি, গান্ধী পরিবারের ‘সরকারি প্রার্থী’ কেউ নন। গতকাল এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে থারুর জানান, সোনিয়া তাঁকে স্পষ্ট ভাষায় বলেছেন, এই লড়াইয়ে তাঁরা নিরপেক্ষ। তাঁদের দিক থেকে ‘সরকারি প্রার্থী’ কেউ নন। থারুর জানান, সোনিয়া তাঁকে বলেন, নির্বাচন দলের পক্ষে ভালো হবে বলে বিশ্বাস। আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে স্বাগত। পুরো পরিবার এ বিষয়ে নিরপেক্ষ। শশী বলেন, রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেও তাঁর এ ধারণা বদ্ধমূল হয়েছে।

কিন্তু সেটা যে নিছক কথার কথা ও অলীক ধারণা মাত্র, গেহলটের বিদ্রোহ–পরবর্তী ঘটনাবলি থেকে তা স্পষ্ট। বিব্রত ও বিচলিত সোনিয়া একে একে কথা বলেন পরিবার অনুগত কমলনাথ, অম্বিকা সোনি, দিগ্বিজয় সিংয়ের সঙ্গে। খাড়গেও অনুগত। কিন্তু তিনি রাজ্যসভার বিরোধী নেতা। সভাপতি হতে গেলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে তাঁকে সেই পদ ছাড়তে হবে। সেই কারণে কিছুটা আড়ষ্টতা সোনিয়ার ছিল। দিগ্বিজয় তাই ‘ডামি প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র তুলে রাখেন। দিগ্বিজয় নিজেই সে কথা স্বীকার করেছেন। অবশেষে বৃহস্পতিবার রাতে খাড়গে সম্মতি দেন। অনুগত ও বিশ্বস্তের সম্মতিতে ‘নিরপেক্ষ’ সোনিয়াও স্বস্তি পান।

খাড়গেকে সামনে রেখে গান্ধীরাই কংগ্রেস পরিচালনা করবেন, এ ধারণা দৃঢ় হয়েছে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে। মনমোহন সিংয়ের দ্বিতীয় দফার শাসনেও ‘রিমোট কন্ট্রোলের’ এমন অভিযোগ উঠেছিল। থারুর অবশ্য এমন কোনো আশঙ্কা করছেন না। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি বুঝি না এমন ধারণা কেন হচ্ছে?’ নিজেকে তিনি বিক্ষুব্ধ ‘জি-২৩’ গোষ্ঠীভুক্ত ভাবতেও রাজি নন। বলেছেন, “‘জি-২৩” বলে কিছু নেই। ওটা মিডিয়ার সৃষ্টি করা একটা ভুল ধারণা। আমি ৯ হাজার ১০০ জন প্রতিনিধিরই সমর্থন চাই।’

সভাপতি পদে খাড়গে প্রার্থী হওয়ায় কংগ্রেসের নজর ফের রাজস্থানে নিবদ্ধ। গেহলট ও পাইলটকে কীভাবে সামলানো যাবে, সেটাই সোনিয়ার প্রধান ভাবনা। মরুরাজ্যে ভোট সামনের বছর।