হনুমানজয়ন্তী: সহিংসতা রোধে ভারতে ব্যাপক প্রস্তুতি

রামনবমীর মিছিলে সংঘাতের পর হাওড়ার শিবপুরে সতর্ক অবস্থানে পুলিশ। গত শনিবার
ছবি: এএনআই

আগামীকাল বৃহস্পতিবার ভারতে হিন্দু দেবতা হনুমানের জন্মদিনে সারা দেশে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রীয় সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বুধবার কলকাতা হাইকোর্ট এক নির্দেশে বলেছেন, হনুমানজয়ন্তীতে বাংলায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নামাতে হবে। সাধারণত বিধানসভা বা লোকসভা ভোটের সময় পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এ ছাড়া বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটলে তবেই আধাসামরিক বাহিনী নামানো হয়। কিন্তু গন্ডগোলের আশঙ্কায়, আধাসামরিক বাহিনী নামানোর নির্দেশ স্মরণকালের মধ্যে হাইকোর্টও দেননি, রাজ্য সরকারও চায়নি।

এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হনুমানজয়ন্তী উৎসব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এক বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সব রাজ্যকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে তারা হনুমানজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি রাখে। রাজ্য সরকারকে বলা হচ্ছে তারা যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, যাতে শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করা যায়। তা ছাড়া এমন যেকোনো ঘটনা যা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করতে পারে, তার ওপরেও রাজ্য সরকার যেন নজর রাখে।’

উল্লেখ্য, রামনবমী বা হনুমানজয়ন্তী—এ ধরনের যেকোনো উৎসবে প্রধানত হাঙ্গামা শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনের নেতা–কর্মীরা। এই বিষয় নিয়ে এখন ভারতে একাধিক প্রতিবেদন, প্রবন্ধ বা বই লেখা হয়েছে। ফলে বিষয়টি অস্বীকার করার বিশেষ সুযোগ নেই। বস্তুত, গতকাল কিছু ছবি প্রকাশ করে তৃণমূল কংগ্রেস প্রমাণ করার চেষ্টা করেছে, গত কয়েক দিনে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে হাওড়া এবং হুগলি জেলায় যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন পার্শ্ববর্তী বিহার রাজ্য থেকে আসা বিজেপিসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বৃহস্পতিবার হনুমানজয়ন্তী উপলক্ষে রাজ্যে সহিংসতার আশঙ্কা করছেন তিনি।

সম্ভবত সে কারণেই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। তবে তিনি এ–ও বলেছেন, কেন্দ্রীয় বাহিনী নামানোর অর্থ এই নয় যে রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্য পুলিশকে সাহায্য করতে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

হাওড়ার শিবপুরে গত ২৯ মার্চ গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন, শিবপুরের ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া হোক। এ ছাড়া আরও একটি মামলা দায়ের হয় উচ্চ আদালতে। ওই দুই মামলা একত্র করে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানি হয়।

এদিক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, বাংলায় রামনবমী ও হনুমানজয়ন্তী পালনের একটা নতুন ধারা পাঁচ বছর ধরে দেখা যাচ্ছে। হনুমানজয়ন্তীতে দুই হাজার শোভাযাত্রা বের করার আবেদন জমা পড়েছে এই বছরে, যা অতীতের তুলনায় অনেক বেশি। বস্তুত, হনুমানজয়ন্তীতে রাজ্যে বিক্ষিপ্তভাবে অশান্তি ছড়াতে পারে বলে গোয়েন্দারাও মনে করছেন।

রাজ্যের বক্তব্য শোনার পর হাইকোর্ট জানিয়েছেন, কোনো রাজনৈতিক ব্যক্তি, নেতা, মন্ত্রী বা সাধারণ মানুষ জনসমক্ষে কোনো প্ররোচনামূলক মন্তব্য করতে পারবেন না। শান্তি বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা করতে হবে।

এ ছাড়া আদালতের নির্দেশ, যারা হনুমানজয়ন্তীর মিছিল করবেন, তাদের মুচলেকা দিয়ে বলতে হবে কোনো অশান্তি হলে, সেই সংগঠন বা মিছিলের আয়োজকেরা দায়ী থাকবেন। মিছিলের রুট ঠিক করবে পুলিশ। যেসব জায়গায় জমায়েতবিরোধী ১৪৪ ধারা জারি রয়েছে, সেখানে কোনো রকম মিছিল করা যাবে না। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের মধ্যে আলোচনা সাপেক্ষে সংবেদনশীল এলাকায় এই বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।