
আগামীকাল থেকে ভারতে হিন্দু সম্প্রদায়ের দেবতা রামের জন্মদিন পালন করা হবে। ভারতের প্রায় পাঁচ লাখ গ্রামে রামের নামে উৎসব পালিত হবে। পশ্চিমবঙ্গের প্রায় দুই হাজার স্থানে মিছিল, শোভাযাত্রা, ধর্মীয় পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্ব হিন্দু পরিষদের (পশ্চিমবঙ্গের) দক্ষিণ প্রান্তের জেলার প্রচারের দায়িত্বে থাকা সৌরিশ মুখার্জি এক বিবৃতিতে বুধবার এ কথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল হিন্দুদের আরেক দেবতা হনুমানের জন্মদিন পর্যন্ত রামের জন্মোৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের তরফে জানানো হয়েছে, আগামী বছর উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির নির্মাণের কথা মাথায় রেখে এবারে বড় আকারে রামের জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কয়েক বছর ধরেই রামের জন্মোৎসব পশ্চিমবঙ্গে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পালিত হচ্ছে। যদিও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার আগে রামের জন্মদিন পশ্চিমবঙ্গে খুব বড় অনুষ্ঠান হিসেবে পালিত হতো না। এই প্রসঙ্গে ২০১৯ সালে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মন্তব্য করেছিলেন, ‘জয় শ্রীরাম বলে’ যে ধ্বনি দেওয়া হচ্ছে, তা পশ্চিমবঙ্গে সম্প্রতি এসেছে। এটা মানুষকে এখানে মারধর করার জন্য এখন ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্তে এই সময়ে অনেক মানুষকে জয় শ্রীরাম ধ্বনি দিতে বলা হয় এবং তা না দিলে মারধরও করা হয়।
গত রোববার মধ্য মহারাষ্ট্রের জালনা জেলার আনোয়া গ্রামের ইমাম জাকির সৈয়দ খাজাকে তিন ব্যক্তি মসজিদ চত্বরে আক্রমণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। তাঁকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বলা হয়, কিন্তু তা না দিলে তাঁকে মারধর করার পর মুখে কাপড় চাপা দিলে তিনি অজ্ঞান হয় যান। বিষয়টি নিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। এ নিয়ে আলোচনাও হচ্ছে।
পশ্চিমবঙ্গেও প্রায় এক দশকে মার্চ-এপ্রিল মাসে রাজ্যের নানা জায়গায় মুসলমান সম্প্রদায়ের ওপর এবং মসজিদে হামলা হয়েছে। মসজিদ চত্বর ঘিরে গান বাজানো হয়েছে এবং মুসলমান সম্প্রদায়ের মানুষকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে ঘটার কারণে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পক্ষে তা অস্বীকার করা সম্ভব হয়নি। অনেক জায়গাতে পুলিশের কাছে অভিযোগ নথিভুক্তও করা হয়েছে।
এসব কারণে রামের জন্মোৎসব পালন পশ্চিমবঙ্গ প্রশাসনের জন্য বিশেষভাবে উদ্বেগের। কারণ, উৎসব পালনকালে একাধিক স্থানে তলোয়ারসহ ধারালো অস্ত্র নিয়ে মিছিল করেন রামভক্তরা। হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন এবং বিশ্ব হিন্দু পরিষদ অস্ত্র নিয়ে এ ধরনের মিছিলের নেতৃত্ব দেয়।
বিষয়টি যে উদ্বেগের, তা উল্লেখ করে রাজ্য প্রশাসনের এক ইন্সপেক্টর জেনারেল প্রথম আলোকে বলেন, তাঁরা গোটা রাজ্যে নিরাপত্তা জোরদার করেছেন। মসজিদ এবং সংলগ্ন অঞ্চলে পুলিশি প্রহরা বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর এ বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছে।
বিশ্ব হিন্দু পরিষদের তরফে অবশ্য বলা হয়েছে, অস্ত্র নিয়ে মিছিল করার কথা বলা হয়নি। পরিষদের সর্বভারতীয় সহসম্পাদক শচীন্দ্রনাথ সিংহ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কোনো দিনই অস্ত্র নিয়ে মিছিল করার কথা বলি না। স্থান, কাল এবং পাত্রভেদে স্থানীয়ভাবে সাধারণ মানুষ অস্ত্র মিছিলের আয়োজন করে। সে ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই।’