কলকাতায় সুড়ঙ্গপথে ৮ বগি নিয়ে মেট্রোরেলের পরীক্ষা

কলকাতায় মেট্রোরেল নিয়ে পরীক্ষা
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতে পশ্চিমবঙ্গের কলকাতায় মেট্রোরেলের ইতিহাসের নতুন দিনের সূচনা হয়েছে। প্রথমবারের মতো গঙ্গা নদীর তলদেশ দিয়ে তৈরি সুড়ঙ্গের মধ্য দিয়ে পাড়ি দিল ৮ বগির পূর্ণাঙ্গ একটি মেট্রোরেল। এর আগে গত ১২ এপ্রিল এ পথে একটি বগি নিয়ে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছিল মেট্রোরেলের।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনটি হাওড়া পাড়ের হাওড়া ময়দান স্টেশন দিয়ে সুড়ঙ্গপথ পাড়ি দিয়ে কলকাতার এসপ্লানেড বা ধর্মতলা স্টেশনে পৌঁছে। এ পথের দূরত্ব ৪.৮ কিলোমিটার।

হাওড়ার হুগলী নদীর ৩২ মিটার তলদেশে তৈরি করা হয়েছে মেট্রোরেলের লাইন। গতকাল মেট্রোরেলের সুড়ঙ্গপথ পার হতে সময় লাগে ৪৫ সেকেন্ড।

কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের এই পথ চালু হওয়ায় মেট্রো এবার কলকাতার ১২টি স্টেশনের সঙ্গে যুক্ত হবে। স্টেশনগুলো হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, বিবাদীবাগ বা মহাকরণ, এসপ্লানেড বা ধর্মতলা, শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সল্টলেকের সেন্ট্রাল পার্ক, করুণাময়ী ও সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন।

গতকাল দুপুরে ট্রেনের পরীক্ষামূলক চলাচল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মেট্রোরেলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে নন্দী। মেট্রোরেল সূত্রে বলা হয়েছে, এখন থেকে সাত মাস এ পথে এই মেট্রোরেলের ট্রায়াল রান বা পরীক্ষামূলক চলবে। আগামী ডিসেম্বরের মধ্যে এ পথে পুরোপুরি চালু হয়ে যাবে মেট্রোরেল।

কলকাতার এই পাতাল বা মেট্রোরেল ১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম চালু হয়েছিল ধর্মতলা বা এসপ্লানেড থেকে ভবানীপুর বা আজকের নেতাজি ভবন স্টেশন পর্যন্ত।

ধনীতম শহরের তালিকায় কলকাতা

এবার ধনীতম শহরের তালিকায় ভারতের মধ্যে চতুর্থ আর বিশ্বের মধ্যে ৬৩তম স্থানে উঠে এসেছে কলকাতার নাম। লন্ডনের ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ নামের একটি সংস্থা দেশের কোটিপতিদের সংখ্যা, সম্পদ এবং তাদের আর্থিক অবস্থা বিশ্লেষণ করে এ প্রতিবেদনে তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ভারতের সবচেয়ে ধনী শহর মুম্বাই। সেখানে রয়েছে ৫৯ হাজার ৪০০ কোটিপতি। এরপরে যথাক্রমে দিল্লি (৩০ হাজার ২০০ কোটিপতি), বেঙ্গালুরু (১২ হাজার ৬০০ কোটিপতি)। এরপর ১২ হাজার ১০০ কোটিপতি নিয়ে কলকাতার অবস্থান চতুর্থ।