
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল কলকাতায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠান। এ অনুষ্ঠানের আয়োজন করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা উপস্থিত ছিলেন।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় অনুষ্ঠান। এতে অতিথিদের অভিনন্দন জানান কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। তিনি তাঁর স্বাগত বক্তৃতায় বলেন, আমাদের এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। আমরা উভয় দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাব।
অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে ভিত রচিত হয়েছিল সেই বন্ধুত্বের ভিত আরও শক্ত হয়েছে। আমরা পরস্পর আমাদের মৈত্রী বন্ধন আরও দৃঢ় করেছি। এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী নবনীতা চৌধুরী।