
কংগ্রেসশাসিত ভারতের তেলেঙ্গানা রাজ্যের পৌরসভা ও পৌরনিগমের ভোটে বিপুল জয় পেল কংগ্রেস। এই ভোটে বিজেপি নেমে এসেছে তৃতীয় স্থানে। যাদের হারিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্য কংগ্রেস দখল করেছিল, সেই ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) দল দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
রাজ্যের ৭ পৌরনিগম ও ১১৬টি পৌরসভার ভোট হয় গত বুধবার। পৌরসভার মোট ২ হাজার ৫৮২টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হয় গত শুক্রবার। আজ শনিবার রাজ্য নির্বাচন কমিশন জানায়, শাসক দল কংগ্রেস জয়ী হয়েছে ১ হাজার ৩৪৬ ওয়ার্ডে। ১১৬ পৌরসভার মধ্যে ৮৩টিতে তারা জয়ী হয়েছে।
রাজ্যের ৭টি পৌরনিগমের মধ্যে ৪টি কংগ্রেস একাই দখল করেছে। এই ভোটে কংগ্রেসের শরিক ছিল সিপিআই। তাদের সঙ্গে নিয়ে কংগ্রেস দখল করেছে আরও এক পৌরনিগম। দুটি পৌরনিগম ঝুলন্ত বা ত্রিশঙ্কু। কোনো দলই একার শক্তিতে গরিষ্ঠতা পায়নি। এই দুই পৌরনিগমে বৃহত্তম দল হিসেবে এগিয়ে রয়েছে বিজেপি।
রাজ্যের সব পৌরসভা ও পৌরনিগমের মিলিত ওয়ার্ড সংখ্যা ২ হাজার ৯৯৬টি। এর মধ্যে কংগ্রেস দখল করেছে ১ হাজার ৫৩৭টি। বিআরএস জিতেছে ৭৭২টি। বিজেপি তৃতীয় স্থানে। তারা জিতেছে ৩২৬টি ওয়ার্ড। এই রাজ্যের প্রভাবশালী দল অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম ভালো ফল করতে পারেনি। আসাউদ্দিন ওয়েইসির দল জিতেছে মাত্র ৬৬টি ওয়ার্ডে।
তিন বছর আগে ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে বিআরএসকে হারিয়ে কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতায় আসে। তার পর থেকে রাজ্যের সাবেক শাসক দলে ভাঙন অব্যাহত। সাবেক মুখ্যমন্ত্রী কে সি আরের কন্যা কবিতা পারিবারিক বিবাদের জেরে দল থেকে বহিষ্কৃত হয়েছেন।
২০২৪ সালের লোকসভা ভোটে রাজ্যের মোট ১৭টি আসনের মধ্যে কংগ্রেস ও বিজেপি ৮টি করে আসনে জয়ী হয়েছিল। হায়দরাবাদের আসনটি জেতেন ওয়েইসি। বিআরএস একটিও আসন জিততে পারেনি।
সেই নিরিখে পৌরসভা ও পৌরনিগমের ভোটের ফল বিআরএসের পক্ষে খুবই সন্তোষজনক। তারা শুধু পায়ের তলায় জমিই খুঁজে পায়নি, বিজেপিকে পেছনে ফেলে দিতে পেরেছে।
লক্ষণীয়, এই ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে হয়নি। হয়েছে ব্যালটে। ইভিএমে কারচুপির অভিযোগ এনে বিরোধীরা আগে থেকেই লোকসভা ও বিধানসভার ভোট ব্যালটে করার দাবি জানিয়ে আসছে। নির্বাচন কমিশন বারবার সেই দাবি অগ্রাহ্য করেছে। নস্যাৎ করেছে কারচুপির অভিযোগও।
তেলেঙ্গানার পৌরভোট ব্যালটে করে বিজেপিকে তৃতীয় স্থানে ঠেলে দেওয়া সেই দিক থেকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
দক্ষিণের অন্য রাজ্য কেরালার স্থানীয় নির্বাচনেও কংগ্রেস বিপুল জয় পেয়েছে। এবার পেল তেলেঙ্গানায়। স্বভাবতই তারা উৎফুল্ল। তামিলনাড়ু ও পদুচেরি বিধানসভা ভোটের আগে এই জয় শতাব্দী প্রাচীন দলটির পক্ষে গুরুত্বপূর্ণ।
তামিলনাড়ুতে সরকারে যাওয়া নিয়ে জোট শরিক ডিএমকের সঙ্গে কংগ্রেসের মতানৈক্য চলছে। এত দিনকার জোট শরিক হয়েও কংগ্রেস সরকারের অংশীদার হয়নি। এবার তারা সরকারে যেতে আগ্রহী। ডিএমকে তাতে রাজি নয়।
তামিলনাড়ু, পদুচেরি, পশ্চিমবঙ্গ, কেরালা ও আসাম বিধানসভার নির্বাচন এই বছরের এপ্রিল–মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।