কলকাতায় বিবাদীবাগে অবস্থিত রাজ্য নির্বাচনী দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ৩১ মার্চ, ২০২৬
কলকাতায় বিবাদীবাগে অবস্থিত রাজ্য নির্বাচনী দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ৩১ মার্চ, ২০২৬

ভোটার তালিকায় নাম ওঠানো নিয়ে কলকাতায় তৃণমূল–বিজেপির সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভোটার তালিকায় নাম তোলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিবাদীবাগে অবস্থিত রাজ্য নির্বাচনী দপ্তরের সামনে এ সংঘর্ষ বাধে।

রাজ্য নির্বাচনী দপ্তরের সামনে বেশ কিছুদিন ধরেই ‘ভোটার তালিকার নিবিড় সংশোধন’ বা এসআইআরের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিজেপির সমর্থকেরা ৬ নম্বর ফরম জমা দিতে এলে দুই পক্ষের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বেশ কিছু মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয় এবং দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নামে ভিনরাজ্যের মানুষের নাম নথিভুক্ত করার চেষ্টা করছে। তৃণমূল এর প্রতিবাদ জানালে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়।