বাদ্যযন্ত্রের সুরে তাল মিলিয়ে কখনো গাওয়া হচ্ছে বিশ্বখ্যাত রক ব্যান্ড বিটলসের গান ‘ইয়েলো সাবমেরিন’। কখনো আবার গাওয়া হচ্ছে জনপ্রিয় গায়ক জিমি বাফেটের ‘ফিনস’। এ দৃশ্য একটি কনসার্টের। এই কনসার্ট আর দশটি আয়োজনের মতো নয়। এ কনসার্টের আয়োজন করা হয়েছিল সাগরের তলদেশে। এর উদ্দেশ্য, সাগরের প্রবাল রক্ষায় জনসচেতনতা সৃষ্টি।
কনসার্টটির আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি সংরক্ষিত জলসীমায়। এর নাম ‘ফ্লোরিডা কিস ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারি’। ৯ হাজার ৮০০ বর্গকিলোমিটার আয়তনের এই সংরক্ষিত জলসীমা ১৯৯০ সালে গড়ে তোলা হয়। সেখানে বিশাল এলাকাজুড়ে রয়েছে প্রবালপ্রাচীর।
সাগরতলের এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘দ্য লোয়ার কিস আন্ডারওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল’। আরেকটি দিকও এই কনসার্টে বৈচিত্র্য এনে দিয়েছে। তা হলো আয়োজনে অংশ নেওয়া গায়ক ও বাদকদের সাজসজ্জা। তাঁরা সবাই সেজেছেন জনপ্রিয় হলিউড ছবি ‘দ্য লিটল মারমেইড’–এর আদলে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া কনসার্টটির ভিডিওতে দেখা যায়, সাগরের তলদেশে গিটার ও উকুলেলেসহ নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন কয়েকজন। আরেকজন গাচ্ছেন গান। তাঁদের অনেকেই শরীরে হরেক রঙের লেজ ও পাখা লাগিয়ে সেজেছেন মৎস্যকন্যা। আর চারপাশে সাগরতলের বৈচিত্র্যময় পরিবেশ। অনেকের পিঠে বাঁধা অক্সিজেনের সিলিন্ডার। সেটি থেকে পাইপের মাধ্যমে শ্বাস নিচ্ছেন তাঁরা।
পরিবেশ রক্ষায় এই গানের আয়োজন উপভোগ করেছেন শত শত সাঁতারু। স্থানীয় একটি রেডিও স্টেশনের মাধ্যমে তা সম্প্রচার করা হয়েছে। আর পানির নিচে গানগুলো যেন শোনা যায়, সে জন্য বিশেষ ধরনের স্পিকার বসানো হয়েছিল।