সমুদ্রের গভীরে অদ্ভুত এক অভিজ্ঞতা হয়েছে ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ক্রিস্টোফার চ্যাংয়ের। ভিডিও করার সময় তিনি একটি ‘বেয়ারা’ কচ্ছপের মুখোমুখি হয়েছিলেন। চ্যাংয়ের ভাষায়, কচ্ছপটি একপর্যায়ে তাঁকে হালকা করে ‘চড়’ দেয়, তারপর শান্তভাবে চলে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।
চ্যাং বলেন, ভ্রমণের শুরুটা ছিল স্বাভাবিক। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটি কচ্ছপ এসে তাঁর পিছু নেয়। সাধারণত সাগরের তলদেশে কচ্ছপকে আপন মনে সাঁতরে বেড়াতে দেখা গেলেও কচ্ছপটি ছিল ব্যতিক্রম। এটি বারবার চ্যাংয়ের আশপাশে ঘুর ঘুর করছিল, যেন কিছু বলতে চায়।
চ্যাং প্রথমে ভেবেছিলেন এটি স্বাভাবিক আচরণ। কিন্তু কিছুক্ষণ পরই বিষয়টি অদ্ভুত মনে হতে থাকে। কচ্ছপটি বারবার তাঁর দিকে এগিয়ে আসছিল এবং দূর থেকে তাকিয়ে থাকছিল, যেন তাঁকে পর্যবেক্ষণ করছে। চ্যাংয়ের ভাষায়, কচ্ছপটি একপর্যায়ে তাঁকে হালকা করে ‘চড়’ দেয়, তারপর শান্তভাবে চলে যায়।
চ্যাংয়ের মতে, সাগরতলে ভ্রমণের সময় বহুবার কচ্ছপের মুখোমুখি হলেও এমন আচরণ কখনো দেখেননি। এটা একেবারেই আলাদা ছিল।
ঘটনার ভিডিওটি ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওর শিরোনামে লেখা হয়েছে, ‘আমি কচ্ছপের চড় খেয়েছি।’
ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘এটা তার জগৎ, আপনি বেশি শব্দ করছিলেন!’
কচ্ছপের অনুমতি ছাড়া ভিডিও করায় সে বিরক্ত হয়েছে উল্লেখ করে আরেকজন লিখেছেন, এটা করার অধিকার তার আছে!
অপর এক মন্তব্যকারী নিজের একটি অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি যখন সার্ফবোর্ডে প্যাডেল করে যাচ্ছিলাম, তখন একটা ছোট স্টিংরে মাছ হঠাৎ লাফিয়ে আমার বোর্ডে উঠে পড়ে এবং মাথার পেছনে আমাকে জোরে আঘাত করে। খুবই ব্যথা পেয়েছিলাম। মনে হচ্ছিল কেউ শক্ত করে ফ্রিসবির মতো কিছু ছুড়ে মেরেছে। তারপর আবার যখন সেটা আমার পিঠে লাফিয়ে উঠল এবং ছটফট করতে লাগল, তখনই বুঝতে পারলাম এটা আসলে একটা স্টিংরে মাছ।’