
গাজার প্রশাসনের দায়িত্ব জাতীয় কমিটির কাছে হস্তান্তরের প্রস্তুতি শেষ করেছে হামাস। আজ সোমবার হামাসের মুখপাত্র হাজেম কাসেম এ খবর দিয়েছেন।
হাজেম কাসেম বলেন, ‘গাজা প্রশাসনের জাতীয় কমিটির (এনসিএজি) কাছে দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয় সব প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থা শেষ হয়েছে।’ তিনি জানান, ফিলিস্তিনের নানা সংগঠন, কৌশলগত পরিবার ও নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে গঠিত একটি কমিটি হস্তান্তরপ্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।
হামাসের এ মুখপাত্র বলেন, কমিটির কাজে আপনারা সবাই সহযোগিতা করবেন, যাতে দুই বছর ধরে চলা ইসরায়েলের ধ্বংসযজ্ঞপরবর্তী পুনরুদ্ধারপ্রক্রিয়া শুরু করা যায়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া হামাস–ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনের নানা খাতে বিশেষজ্ঞ ১৫ ব্যক্তিকে নিয়ে এনসিএজি গঠন করা হয়েছে। গাজা পুনর্গঠনকালে তাঁরা বিধ্বস্ত উপত্যকাটির দৈনন্দিন কাজ পরিচালনা করবেন। তবে তাঁরা কবে হামাসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, তা জানা যায়নি।
এনসিএজির নেতৃত্ব দেবেন ফিলিস্তিন কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী এলি শাথ। মিসরের সীমান্তবর্তী রাফা ক্রসিং দিয়ে তাঁরা গাজায় প্রবেশ করবেন। দেড় বছরের বেশি সময় বন্ধ রাখার পর আজ রাফার প্রধান ক্রসিংটি খুলে দিয়েছেন ইসরায়েলের সেনারা।